Govinda: গোবিন্দ–সুনীতা দাম্পত্যে ফের ঝড়! সাত জন্মেও স্বামী হিসাবে চান না তিনি গোবিন্দকে (Govinda)

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গোবিন্দ (Govinda) এবং সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে ফের উত্তাল আলোচনার ঢেউ। বলিউডের এই তারকা দম্পতিকে ঘিরে বিগত এক বছর ধরেই নানা গুঞ্জন, তিক্ততা আর বিচ্ছেদের খবর ভেসে এসেছে। গণেশ চতুর্থীতে একসঙ্গে উপস্থিত হয়ে তাঁরা যদিও সম্পর্কভঙ্গের জল্পনা খানিকটা অন্তত থামিয়েছিলেন, কিন্তু তাতে যে সমস্যার মীমাংসা হয়নি, তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন সুনীতা। সাম্প্রতিক এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, জীবনে একটি বড় শিক্ষা পেয়েছেন। তাই আর কোনও জন্মেই তিনি স্বামী হিসাবে চান না গোবিন্দকে (Govinda)।

আরও পড়ুন:Govinda Sunita Divorce Rumours: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই গণেশ চতুর্থীতে একসঙ্গে গোবিন্দা–সুনীতা

কেন এত অভিমান, এত দুঃখ? তা লুকাননি সুনীতা। অকপটে জানিয়েছেন, গোবিন্দের (Govinda) পরকীয়াই নাকি তাঁদের দাম্পত্যে সবচেয়ে বড় ফাটল ধরিয়েছিল। এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে চলত ক্রমাগত টানাপোড়েন। সেই অধ্যায় অনেকটাই মুছে গেলেও আচরণগত দিক থেকে কোনও বদল দেখছেন না তিনি। অভিযোগের সুরে জানিয়েছেন, তাঁর স্বামী নাকি স্ত্রীকে সময়ই দেন না। সারাক্ষণ ব্যস্ত থাকেন নায়িকাদের সঙ্গে। তাঁর মতে, অভিনেতা বা নায়কেরা বৌয়ের তুলনায় নায়িকার প্রতি বেশি মনোযোগী হন। বহু বছর পর সুনীতা উপলব্ধি করেছেন, নায়কের স্ত্রীকে নাকি বুকে পাথরচাপা দিয়ে থাকতে শিখতে হয়, তবেই সংসার টিকে। ছোট বয়সে বিয়ে হওয়ায় এসব বুঝতে তাঁর সময় লেগেছে বলেও জানিয়েছেন তিনি।

তবে কটাক্ষের পাশাপাশি রসিকতাও ছাড়েননি সুনীতা। জানিয়েছেন, গোবিন্দ (Govinda) খুব ভাল স্বামী না হলেও অসাধারণ ছেলে। মায়ের প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা আজও তাঁকে মুগ্ধ করে। তাই ভবিষ্যৎ জন্মের প্রত্যাশা নিয়ে সুনীতার রসিক মন্তব্য—তিনি স্বামী হিসাবে নয়, বরং ছেলে হিসাবেই পেতে চান গোবিন্দকে (Govinda)। সুনীতার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে তোলপাড়। সম্পর্কের টানাপোড়েন, ক্ষোভ, অভিমান আর মমতা—সব মিলিয়ে বলিউডের এই দাম্পত্যের গল্প আবারও চর্চার কেন্দ্রে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole