নিউজ পোল ব্যুরো: বলিউড তারকা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজা গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনার কেন্দ্রে। শোনা যাচ্ছিল, বহু বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি। গুঞ্জন রটেছিল, সুনীতা নাকি আদালতে ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তবে এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি গোবিন্দা বা সুনীতা কেউই। ফলে নানা মহলে জল্পনা তুঙ্গে ওঠে।কিন্তু এই সমস্ত গুঞ্জনের মাঝেই নতুন চিত্র ধরা পড়ে গণেশ চতুর্থীর দিনে। সেদিন মুম্বইয়ে তাদের বাড়িতে উৎসবের আয়োজন হয়। সেখানে একসঙ্গে হাজির হন গোবিন্দা এবং সুনীতা।
আরও পড়ুন: Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য মোদীর মন্ত্রিসভার অনুমোদন পাশ
শুধু তাই নয়, রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন দু’জনেই। মিডিয়ার সামনে দম্পতিকে দেখা গিয়েছে যথেষ্ট স্বাভাবিক ও সাবলীল ভঙ্গিতে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন একমাত্র ছেলে যশবর্ধনও। পরিবার-সহকারে ছবি তুলেছেন তারা, যা দেখে উপস্থিত অনেকে বিস্মিত হয়েছেন। কারণ কয়েকদিন আগেই যাঁদের নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল, তাদের একসঙ্গে এমন আবহে দেখা নিঃসন্দেহে আলোচনার খোরাক।

এরপর সংবাদমাধ্যমের তরফে যখন প্রশ্ন করা হয়, সুনীতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, গোবিন্দার সঙ্গে তার সম্পর্ক ভাঙনের পথে নয়। তিনি বলেন, “যদি সত্যিই আমাদের সম্পর্কে ফাটল ধরত, তবে কি এতটা কাছাকাছি থাকতে পারতাম? আমরা দু’জন একে অপরের পরিপূরক। কেউ আমাদের আলাদা করতে পারবে না। এমনকি ঈশ্বর নিজে নেমে এলেও নয়। আমার গোবিন্দা শুধু আমারই, অন্য কারও নয়।” তার অনুরোধ, অযথা ভিত্তিহীন খবর প্রচার না করার জন্য।

সুনীতার কথায়, “যতক্ষণ না আমরা নিজেরা মুখ খুলছি, ততক্ষণ এ নিয়ে দয়া করে কোনও মন্তব্য করবেন না। কারণ এর ফলে অযথা বিভ্রান্তি তৈরি হচ্ছে।”অন্যদিকে, ঘনিষ্ঠ মহলের দাবি গত বছরের শেষদিকে সত্যিই নাকি সুনীতা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তবে এই মুহূর্তে পরিস্থিতি অন্যরকম বলে মনে হচ্ছে। গণেশ চতুর্থীর দিনে গোবিন্দা-সুনীতার উপস্থিতি এবং তাঁদের মিষ্টি মুহূর্ত দেখে অনেকেই মনে করছেন, হয়তো সম্পর্কের জট কেটে যাচ্ছে ধীরে ধীরে। সব মিলিয়ে, বিচ্ছেদের খবরকে ঘিরে যত জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত স্তিমিত। বরং এই তারকা দম্পতির মিলনোৎসব নিয়েই এখন চর্চায় মেতেছে বলিউড পাড়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
