নিউজ পোল ব্যুরো: রাজ্যে নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্ক আরও বাড়ল। নতুন করে আরও দু’জনের শরীরে এই মারাত্মক ভাইরাসের উপসর্গ ধরা পড়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আক্রান্ত দুই জনই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত একজন নার্স এবং অন্যজন হাউস স্টাফ। উপসর্গ দেখা দেওয়ার পর তাঁদের দ্রুত কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে দু’জনই সেখানে চিকিৎসাধীন এবং তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Dev: সিবিআই দফতরে হাজিরা দেবের! বেরিয়েই কমিশনকে ‘মানবিক’ হওয়ার আর্জি তারকা-সাংসদের
হাসপাতাল সূত্রে খবর, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যিনি নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন, তাঁর সেবায় নিযুক্ত ছিলেন এই দুই স্বাস্থ্যকর্মী। সেই সময়ই তাঁদের সংস্পর্শে আসার সম্ভাবনা তৈরি হয়। কয়েক দিনের মধ্যেই তাঁদের শরীরে জ্বর, দুর্বলতা ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। বিষয়টি নজরে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের আলাদা করে আইডি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে নিপা (Nipa Virus) আক্রান্ত বারাসতের (Barasat) দুই নার্সের অবস্থা এখনও অত্যন্ত সঙ্কটজনক। তাঁরা দু’জনই কোমায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে, গ্লাসগো কোমা স্কেলে তাঁদের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচকই ৫-এর নিচে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে সিস্টার নার্সের শারীরিক অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) থেকে পাওয়া রিপোর্টেও তাঁর নিপা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
জানা গিয়েছে, নিপায় আক্রান্ত এই দুই স্বাস্থ্যকর্মী যশোর রোডের বারাসত রথতলা সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে আক্রান্ত সিস্টার নার্স নিজের বাড়িতে গিয়েছিলেন। গত ৩১ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসা চললেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেই সময় তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন একাধিক স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে একজন হাউস স্টাফ ও একজন নার্সের শরীরে পরে উপসর্গ ধরা পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা, পর্যবেক্ষণে রাখা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
