Dev: সিবিআই দফতরে হাজিরা দেবের! বেরিয়েই কমিশনকে ‘মানবিক’ হওয়ার আর্জি তারকা-সাংসদের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) শুনানিতে হাজিরা দিলেন ঘাটালের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা-পরিচালক দেব (Dev)। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি যাদবপুরের কাটজুনগরে অবস্থিত স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন। নির্ধারিত সময়েই নথিপত্র জমা দিয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার আবেদন জানান দেব (Dev)।

আরও পড়ুন: Dilip Ghosh: মোদীর মঞ্চে কি দিলীপ? বিরোধী শিবিরের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক চর্চা, অস্বস্তিতে গেরুয়া শিবির

বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত শুনানি পর্ব। নথিতে সামান্য অসঙ্গতি থাকলেই ভোটারদের হাজিরা দিতে হচ্ছে কমিশনের সামনে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সমস্যায় পড়ছেন বহু প্রবীণ ও অসুস্থ মানুষ। এই শুনানিতে জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ একাধিক পরিচিত মুখকে ডাকা হয়েছে। সেই তালিকাতেই ছিল দেবের নাম। নোটিস পাঠিয়ে বুধবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিন স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দেবকে (Dev) এক ঝলক দেখতে ভিড় জমে যায়। তবে কোনও রকম বিলম্ব না করে তিনি গাড়ি থেকে নেমে সোজা স্কুলের ভিতরে প্রবেশ করেন। শুনানি শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, “একজন দায়িত্ববান নাগরিক হিসেবে যা করা দরকার, সেটাই করেছি। কমিশন যে নথি চেয়েছিল, সবই জমা দিয়েছি।”

তবে নিজের বিষয় ছাড়াও অন্য ভোটারদের সমস্যার কথা তুলে ধরেন ঘাটালের সাংসদ। দেব জানান, তাঁকে তলব করার পর থেকেই বহু মানুষ ফোন করে নিজেদের অসুবিধার কথা জানিয়েছেন। তাঁর কথায়, “আমাদের মতো মানুষের লাইনে দাঁড়াতে সমস্যা নেই। কিন্তু যাঁরা বয়স্ক বা অসুস্থ, তাঁদের পক্ষে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। অনেকেই ভয় পাচ্ছেন।” কমিশনের কাছে তাঁর আবেদন, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যেন বিশেষ ছাড় বা বিকল্প ব্যবস্থা ভাবা হয়। প্রয়োজনে বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করার কথাও বিবেচনা করা যেতে পারে বলে মত দেন তিনি। দেব আরও বলেন, “নির্বাচন মানুষের কাছে উৎসবের মতো। তাই কোনওভাবেই যেন কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়।” শুনানি শেষে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীকে কুর্নিশ জানান তিনি এবং তাঁদের সঙ্গে ছবিও তোলেন।

এদিকে দেবকে তলব করার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের সমালোচনা করে আসছে তৃণমূল কংগ্রেস। তবে এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, “দেবকে কেন তলব করা হবে না? উনি তো এক সময় মুম্বইয়ে থাকতেন। ২০১০ সালের পর ভোটার হয়েছেন। নথি দেখালেই তো সব পরিষ্কার হয়ে যাবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole