‘আমাদের ক্ষমতায় আনুন, TMC যাবে তবেই আসল পরিবর্তন আসবে’, দমদমের সভা থেকে তৃণমূলকে নিশানা PM Modi-র

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: অবশেষে হয়েছে বহু প্রতীক্ষার অবসান। কলকাতায় তিনটি নতুন রুটে মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পরেই রাজনৈতিক সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিহার থেকেই বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সুর শোনা গেল কলকাতাতেও। এদিন দমদমের সভায় ভাষণের শুরু বাংলাতে করেন প্রধানমন্ত্রী। কৌশিকী অমাবস্যায় স্মরণ করেন মা কালীকে। দক্ষিণেশ্বর কালীমন্দির ও কালীঘাট মন্দির-সহ একাধিক মন্দিরের কথা উল্লেখ করে ‘প্রণাম’ জানান। তার পরেই চড়া সুরে আক্রমণ শানালেন বাংলার শাসক দল তৃণমূলকে। বললেন, “বাংলায় আসল পরিবর্তন দরকার”

দমদমের সভা থেকে ফের একবার তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। বলেছেন, “বিকশিত বাংলা, মোদীর গ্যারান্টি”। শুরুতে মোদি বলেন, “দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতে প্রতিমা গড়ার কাজ চলছে। বড়বাজারে জোর ব্যস্ততা। এর সঙ্গে যখন উন্নয়ন জুড়ে যায়, খুশি তখন দ্বিগুণ হয়ে যায়।” তার পরেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে শাসক তৃণমূলকে নিশানা করে বলেন, “দিল্লি থেকে নানা প্রকল্পের টাকা বাংলায় পাঠানো হয়। তা লুট করে নেয় তৃণমূল। সেই টাকা ক্যাডার রেখেছে।” প্রধানমন্ত্রী এদিন বললেন, “বাংলায় উন্নয়ন একমাত্র বিজেপি করতে পারে, বাংলার উন্নয়নে দরকার বিজেপির ডবল ইঞ্জিন সরকার”

আরও পড়ুন: Jammu-Kashmir: সরকারি চাকরির আড়ালে সন্ত্রাসবাদে মদত, জম্মু-কাশ্মীরে বরখাস্ত ২ কর্মী

এদিন বাংলায় নারী নির্যাতন নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। বললেন, “বাংলায় মা-বোনেদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন উন্নয়ন থমকে যাবে। তৃণমূল গেলে তবে বদল আসবে। বাংলায় আসল পরিবর্তন জরুরি।” এর পরেই মোদীর সাফ বার্তা, “অপরাধীরা ক্ষমতায় নয়, জেলে থাকবে।” তৃণমূলের পাশাপাশি বাম-কংগ্রেসকে নিশানা করে মোদী বললেন, “আজ বাংলায় সত্যি নতুন আলোর প্রয়োজন। সত্যিই পরিবর্তনের প্রয়োজন। স্বাধীনতার পর প্রথমে কংগ্রেস, পরে বামেদের লম্বা দৌড়, ১৫ বছর আগে বাংলায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন মা-মাটি-মানুষের ওপর ভরসা করে। কিন্তু পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়েছে। যুবদের ভবিষ্যৎ খারাপ, নারীদের ওপর অত্যাচার, আইনশৃঙ্খলার অবনতি সব হয়েছে। তৃণমূল থাকলে বাংলার বিকাশ অবরুদ্ধ থাকবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole