Tiktok: ভারতে টিকটক প্রত্যাবর্তনের ইঙ্গিত? ব্যবহারকারীরা পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশাধিকার

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ভারতে টিকটক (TikTok) কি ফিরতে চলেছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। ২০২০ সালে তথ্য গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন ভারত সরকার হঠাৎ করেই ৫৮টি চিনা অ্যাপের (China App) সঙ্গে টিকটককেও নিষিদ্ধ করেছিল। প্রায় ২০ কোটিরও বেশি সক্রিয় ভারতীয় ব্যবহারকারী মুহূর্তের মধ্যে তাদের প্রিয় ছোট ভিডিও প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই নিষেধাজ্ঞার পর থেকে টিকটকের ফেরার সম্ভাবনা নিয়ে বহুবার আলোচনা হলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা নতুন জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন:Kriti Sanon: “একই কাজ, কম বেতন কেন?” বলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে প্রশ্ন কৃতি শ্যাননের

একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট ভারতে মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে অ্যাক্সেসযোগ্য হয়েছে। অনেকেই ওয়েবসাইট খুলতে পারছেন, আবার এক্স (পূর্বে টুইটার)-এ কিছু ব্যবহারকারী জানাচ্ছেন তারা এখনও সাইটটি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ ওয়েবসাইটটি হয়তো সীমিতভাবে কাজ করছে অথবা পর্যায়ক্রমে পরীক্ষা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত গুগল প্লে স্টোর (Goole Playstore) বা অ্যাপল অ্যাপ (Apple App Store) স্টোরে টিকটক অ্যাপ ডাউনলোডের সুযোগ নেই। তাই ওয়েবসাইট খোলা গেলেও এটিকে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন বলা যাবে না।

এর পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপটও এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের (S.Jayshankar) সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে জয়শঙ্কর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে “স্পষ্ট এবং গঠনমূলক” দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদীও এই মাসের শেষের দিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিন সফর করবেন বলে জানা গিয়েছে। কূটনৈতিক এই উষ্ণতা ভারতের বাজারে চীনা অ্যাপগুলির ফেরার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে।

তবে সব মিলিয়ে এখনও পর্যন্ত টিকটক (Tiktok) নিয়ে ভারত সরকার বা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। নিয়ন্ত্রক ছাড়পত্র ছাড়া টিকটক ভারতে বৈধভাবে চালু হওয়ার সুযোগ নেই। ফলে আপাতত টিকটকের ওয়েবসাইট চালু হওয়া নিছক একটি সম্ভাবনার ইঙ্গিতমাত্র।

২০২০ সালের পর থেকে একাধিকবার টিকটকের প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন শোনা গেলেও, প্রতিবারই তা আশাহত করেছে ব্যবহারকারীদের। এবারও পরিস্থিতি একই রকম। হ্যাঁ, সাম্প্রতিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে যে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কিছুটা হলেও নরম হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত টিকটক ব্যবহারকারীদের অপেক্ষা করতেই হবে। ভারতে টিকটকের (Tiktok) প্রত্যাবর্তন যদি সত্যি হয়, তবে সেটি কেবলমাত্র একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের ফেরা নয়, বরং কোটি কোটি তরুণ-তরুণীর কাছে হারিয়ে যাওয়া এক ডিজিটাল অভ্যাসের ফিরে আসা। তবে যতক্ষণ না সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, ততক্ষণ এই প্রত্যাবর্তন কেবলই জল্পনা হয়ে রইল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole