CV Anand Bose: BELF-র মঞ্চে রাজ্যপালের মুখে গীতার বাণী! ‘দেহ ও আত্মা’ নিয়ে গুরু গম্ভীর বার্তা সিভি আনন্দ বোসের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শীতের কলকাতায় শিল্প, সাহিত্য ও চিন্তনের মিলনমেলা শুরু হল ব্যবসার আলোচনার সঙ্গে। শহরের বুকে দু’দিনের বিজনেস অ্যান্ড ইকোনমি লিটারেচার ফেস্ট (BELF) আয়োজন করা হয়েছে নিউটাউনের তাজ তালকুটিরে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শনিবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। উৎসবের মঞ্চ থেকেই তিনি উদ্বোধন করলেন ইআইআইএলএম কলকাতার (Kolkata) চেয়ারম্যান ও কর্ণধার অধ্যাপক রমাপ্রদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বই ‘গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ’।

আরও পড়ুন: Narendra Modi: মোদীর সভায় বিশৃঙ্খলার নালিশ তৃণমূলের! পালটা ‘মেসিকাণ্ড’ মনে করিয়ে শাসকদলকে বিঁধলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল (CV Anand Bose) একদিকে যেমন গীতা ও জীবনদর্শনের গভীর কথা তুলে ধরেন, তেমনই হালকা রসিকতায় মন জয় করেন উপস্থিত শ্রোতাদের। নিজের ভাষণের শুরুতেই তিনি মজার সুরে বলেন, ক্যামেরার সামনে এলেই তিনি একটু অপ্রস্তুত হয়ে পড়েন। একবার এক ক্যামেরাম্যান তাঁর ছবি তুলে জানিয়েছিলেন, সেটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি। ছবিটি দেখে তাঁর মনে হয়েছিল, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মুখ একসঙ্গে মিশিয়ে দিলে যেমন দেখাবে, তাঁকেও ঠিক তেমনই লাগছে।

এরপর গম্ভীর আলোচনায় রাজ্যপাল (CV Anand Bose) ব্যবসা ও বিজ্ঞাপনের প্রসঙ্গ টানেন। তাঁর মতে, ব্যবসার অগ্রগতিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে বিশ্বের প্রথম বিজ্ঞাপনদাতা হিসেবে তিনি উল্লেখ করেন আদম-হাওয়ার কাহিনির শয়তানকে, যিনি জ্ঞানবৃক্ষের ফল খেতে প্ররোচনা দিয়েছিলেন।

গীতার শাশ্বত দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষের দেহ একটি পোশাকের মতো, যা একদিন বদলে যায়, কিন্তু আত্মা চিরন্তন ও অমর। দেহকে ছোঁয়া সম্ভব হলেও আত্মাকে স্পর্শ করা যায় না এই উপলব্ধি গীতা পাঠের মধ্য দিয়েই স্পষ্ট হয়। নিজের প্রশাসনিক জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নেন রাজ্যপাল। কেরলে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকাকালীন আদিবাসী উন্নয়ন প্রকল্পে কাজ করার স্মৃতি তুলে ধরেন তিনি। সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলেও, আদিবাসী প্রধানের সরল প্রতিক্রিয়া তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছিল।

এছাড়াও জেলা শাসক থাকাকালীন একটি আন্তর্জাতিক সম্মেলনে কোনও প্রস্তুতি ছাড়াই ভাষণ দেওয়ার অভিজ্ঞতা ও সেই ভাষণে এক শ্রোতার ঘুমিয়ে পড়ার মজার ঘটনাও শোনান তিনি। সব মিলিয়ে, BELF-এর মঞ্চে রাজ্যপালের বক্তব্য হয়ে ওঠে জীবন, দর্শন ও অভিজ্ঞতার অনন্য মেলবন্ধন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole