Narendra Modi: মোদীর সভায় বিশৃঙ্খলার নালিশ তৃণমূলের! পালটা ‘মেসিকাণ্ড’ মনে করিয়ে শাসকদলকে বিঁধলেন প্রধানমন্ত্রী

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আবহাওয়ার প্রতিকূলতার কারণে নদীয়ার (Nadia) তাহেরপুরে নির্ধারিত সভাস্থলে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি ফোনের মাধ্যমে সংক্ষিপ্ত ভাষণ দেন। সেই বক্তব্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ও শাসনব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সময়ের অভাবে তাঁর সব কথা সভায় বলা সম্ভব হয়নি। তাই পরে সামাজিক মাধ্যম এক্স-এ (প্রাক্তন টুইটার) নিজের সম্পূর্ণ বক্তব্য পোস্ট করেন তিনি।

আরও পড়ুন: Imran Khan: ইমরান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড! নতুন মামলায় ফের বড় ধাক্কা প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর (Narendra Modi) ভাষণে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে। তাঁর অভিযোগ, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একের পর এক সমস্যার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে নারী নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রশ্নে রাজ্যের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত বাংলায় যুবভারতী ক্রীড়াঙ্গন ঘিরে সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে মোদী বলেন, প্রশাসনিক ব্যর্থতার কারণে বহু তরুণ ক্রীড়াপ্রেমীর স্বপ্ন আজ ভেঙে গেছে।

তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) অভিযোগ করেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে শাসকদল সক্রিয় ভূমিকা নিচ্ছে। তাঁর মতে, এই অনুপ্রবেশকারীরাই রাজ্যের গরিব মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং নারীদের উপর নির্যাতনের সঙ্গে জড়িয়ে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নদীয়ার ঐতিহ্যের কথা স্মরণ করে মোদী বলেন, এই অঞ্চল শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবাহী এবং ভারতীয় সংস্কৃতিতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। মানুষের সেবার যে ঐতিহ্য এখানে গড়ে উঠেছে, তা মতুয়া সমাজের জীবনধারায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়। নদীয়া ও পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেন।

কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ এর সুফল পেয়েছেন। আবাস যোজনায় লক্ষাধিক বাড়ি অনুমোদন, জল জীবন মিশনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং জনঔষধি কেন্দ্র সব মিলিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্র নিরলসভাবে কাজ করছে বলে দাবি করেন তিনি।

শেষে মোদী বলেন, বিহারের মানুষ যেমন ‘জঙ্গলরাজ’ প্রত্যাখ্যান করেছে, তেমনই বাংলার মানুষকেও তৃণমূলের তৈরি ‘মহাজঙ্গলরাজ’ থেকে মুক্ত হতে হবে। মতুয়া ও নমশূদ্র সমাজের উদ্দেশে তিনি পুনরায় আশ্বাস দেন, বিজেপি তাঁদের অধিকার ও সম্মান রক্ষায় সর্বদা পাশে থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole