নিউজ পোল ব্যুরো:বাংলার নির্বাচনী রণক্ষেত্রে একদিকে যখন রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক তখনই প্রকৃতির রুদ্ররূপের কাছে কার্যত হার মানল বিজেপির মেগা প্রচার কর্মসূচি। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই-এর সমর্থনে শক্তি প্রদর্শন করতে শনিবার শিল্পাঞ্চলে পা রেখেছিলেন বিজেপির তারকা প্রচারক তথা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিন্তু তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমে অসুস্থ বোধ করায় মাত্র ২০০ মিটার পথ অতিক্রম করেই প্রচারের ময়দান ছাড়তে বাধ্য হলেন তিনি। ফলে মহাগুরুকে ঘিরে যে বিশাল উন্মাদনার সৃষ্টি হয়েছিল, তা মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/04/17/israel-india-declare-hamas-terror-group-diplomatic-debate/
শনিবার দুপুর থেকেই কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছিল উৎসবের মেজাজ। প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন রাস্তার দু’ধারে। হুডখোলা ট্রাকে চড়ে প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই এবং বর্ষীয়ান নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে সঙ্গে নিয়ে জনসংযোগ শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। স্লোগান আর বাদ্যযন্ত্রের আওয়াজে এলাকা তখন সরগরম। কিন্তু মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই কাল হয়ে দাঁড়ায় দুপুরের প্রখর রোদ। দেখা যায়, মাথার ওপর ছাতা থাকলেও অসহ্য গরমে প্রবল অস্বস্তি বোধ করছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। মাত্র ২০০ মিটার পথ পেরোনোর পরই শারীরিক অবস্থার অবনতি হতে পারে বুঝে তিনি ট্রাক থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিরাপত্তারক্ষীদের সহায়তায় ট্রাক থেকে নেমে তড়িঘড়ি নিজের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন তিনি।
এই আকস্মিক ঘটনায় কার্যত দিশেহারা হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রিয় অভিনেতার দীর্ঘ সংলাপ শোনা বা তাঁকে বেশিক্ষণ চোখের সামনে না দেখতে পেয়ে হতাশ হয়ে ঘরে ফেরেন
অনুরাগীদের একাংশ। রোড শো মাঝপথে থমকে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হলেও প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই একে ‘স্বাভাবিক’ ঘটনা বলেই ব্যাখ্যা করেছেন। তিনি জানান যে, এই প্রবল গরমে মিঠুন চক্রবর্তীর মতো প্রবীণ মানুষের পক্ষে দীর্ঘক্ষণ রাস্তায় থাকা অত্যন্ত ঝুঁকির। তাই শারীরিক নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রচার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বয়সেও তিনি যে অক্লান্তভাবে দলের হয়ে কাজ করছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতৃত্ব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
তবে কেবল গরম নয়, রাজনৈতিক উত্তাপও এদিন ধরা পড়েছে দুর্গাপুরের রাজপথে। রোড শোর মাঝেই আমরাই মোড় সংলগ্ন এলাকায় একদল যুবককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়, যা নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সাময়িক চাপানউতোর সৃষ্টি হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুর্গাপুরের এই প্রচারপর্বে একদিকে যেমন গরমের কারণে শরীরি ম্যাজিকে ভাঁটা পড়ল, তেমনই বিরোধীদের পাল্টা স্লোগান বিজেপির এই শক্তি প্রদর্শনের পথে বড় বাধা হয়ে দাঁড়াল। সব মিলিয়ে, মহাগুরুর হাত ধরে যে ঝড় তোলার পরিকল্পনা ছিল বিজেপির, প্রকৃতির দাপটে তা এদিন অনেকটাই ফিকে হয়ে রইল।
