আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার আবহে ভারতকে নতুন একটি কূটনৈতিক সিদ্ধান্তের মুখে ফেলতে চাইছে ইজরায়েল (Israel-India)। তারা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃতি দিক ভারত। এই প্রসঙ্গে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডেয়ন সার একাধিক আন্তর্জাতিক আলোচনায় বিষয়টি তুলে ধরেছেন।
একটি অনলাইন বৈঠকে, যেখানে বিভিন্ন দেশের ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তিনি দাবি করেন যে হামাসের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর সরাসরি যোগাযোগ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ধরনের সংযোগ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।
ইজরায়েলের মতে, সন্ত্রাসবাদ দমনে ভারত ও ইজরায়েলের (Israel-India) মধ্যে সহযোগিতা ইতিমধ্যেই দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হতে পারে। প্রতিরক্ষা, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃষিক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছরে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে এই প্রস্তাব নিয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। অতীতে হামাসের হামলার নিন্দা করলেও, ভারত সবসময় ইজরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। দুই-রাষ্ট্র তত্ত্বকে সমর্থন জানিয়ে দিল্লি দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে।
ফলে এখন প্রশ্ন উঠছে, ইজরায়েলের (Israel-India) অনুরোধে সাড়া দিয়ে ভারত কি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে, নাকি পূর্বের মতোই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে। এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
