নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) শুনানির নোটিস পেয়ে চরম আতঙ্কে ভেঙে পড়েছিলেন তিনি। বারবার মায়ের কাছে কেঁদে নিজের উৎকণ্ঠার কথা বলছিলেন। সেই ছেলেকেই সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বারাসত ব্লক ২-এর বিডিও অফিসে হাজির হয়েছিলেন মা। কিন্তু শুনানির লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভয় ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন ৩৮ বছরের ওই যুবক। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে মধ্যমগ্রাম জুড়ে।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘আঘাত করলে প্রত্যাঘাত!’ ইডি হানার প্রতিবাদে কাল ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়
মৃত যুবকের নাম রমজান আলি। তিনি মধ্যমগ্রাম বিধানসভার রোহন্ডা চণ্ডীগড় মাঠপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়ি চালক। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও দুই নাবালক সন্তান। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় বৃহস্পতিবার তাঁকে খড়িবাড়ির অন্তর্গত বারাসত ব্লক ২ বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানিতে ডাকা হয়েছিল। শুনানির দিন সকাল থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রমজান। ভয় পাচ্ছিলেন, শুনানিতে গিয়ে তাঁকে আটক করা হতে পারে। তাই মাকে সঙ্গে নিয়েই অফিসে যান তিনি।
বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন রমজান। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বিডিও অফিসের গাড়িতে করে স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
রমজানের মা সালমা বেগম কান্নাভেজা গলায় জানান, শুনানি নিয়ে ভয় ও দুশ্চিন্তায় তাঁর ছেলে সকাল থেকেই ভেঙে পড়েছিল। তিনি বলছিলেন, কী হবে, তাঁকে ধরে নিয়ে যাবে কি না এই সব প্রশ্নে জর্জরিত ছিলেন রমজান। মা হিসেবে তাঁকে সাহস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এমন পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি।
খবর পেয়ে বিকেলে মৃত যুবকের বাড়িতে পৌঁছন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। তাঁর সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ও তৃণমূল কংগ্রেসের (TMC) একাধিক নেতা। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রথীন ঘোষ বলেন, বৈধ ভোটারদের অযথা হয়রানি করতে এসআইআর (SIR) শুনানির নামে মানুষকে ডাকা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে কেউ প্রাণ হারাবে, এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মৃত যুবকের পরিবারে মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে, তাঁদের ভবিষ্যৎ কী হবে এই প্রশ্ন তুলে তিনি শুনানি কেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা রাখারও দাবি জানান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
