নিউজ পোল ব্যুরো: আইপ্যাকের সল্টলেক (Saltlake) দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডির (ED) তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অভিযানের প্রতিবাদে শুক্রবার দুপুর দু’টো নাগাদ রাস্তায় নামার ঘোষণা করেছেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: Kolkata: ভয়াবহ অগ্নিকাণ্ড ওয়েলিংটনের শীতপোশাকের মার্কেটে! ভস্মীভূত একাধিক দোকান, এলাকায় আতঙ্ক
বৃহস্পতিবার সকালে দিল্লি (Delhi) থেকে আসা ইডির আধিকারিকরা পুরনো কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন। একই সঙ্গে তল্লাশি চালানো হয় সল্টলেকের আইপ্যাক দপ্তরেও। দুপুর ১২টার কিছু পরে নিজে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে থেকে তিনি সবুজ রঙের একটি ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসেন। বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে ইডির বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী (TMC)।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গোপন তথ্য ও প্রার্থী তালিকা চুরি করা হয়েছে। তাঁর বক্তব্য, “এই অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার দলের আইটি দপ্তরে আঘাত করা হয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা হাতাতে ইডিকে ব্যবহার করেছে কেন্দ্রের ন্যাস্টি হোম মিনিস্টার।” তিনি স্পষ্ট করে বলেন, যে নথিগুলি তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন, সেগুলি তাঁর দলের সম্পত্তি।
এরপর মুখ্যমন্ত্রী সল্টলেকের আইপ্যাক অফিসে যান। দুপুর ১২টা ৪৪ মিনিট নাগাদ তিনি আবাসনের ১১ তলায় অবস্থিত অফিসের ভিতরে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ। অফিসের ভিতর থেকে বেশ কিছু ফাইল সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়। বাইরে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা, তাঁদের মধ্যে কৃষ্ণা চক্রবর্তী ও সুজিত বসু উল্লেখযোগ্য। প্রায় পৌনে চার ঘণ্টা পর অফিস থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার উপর যে আঘাত করা হয়েছে, তার জবাব মানুষই দেবে। তাঁর অভিযোগ, সত্য আড়াল করতেই এই অভিযান।
এদিন মুখ্যমন্ত্রী অপপ্রচার চালানোর অভিযোগে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন। সেখান থেকে বেরিয়ে তিনি সোজা আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চ থেকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত হবে এই ভাষাতেই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
