নিউজ পোল ব্যুরো: শীত এলেই কলকাতা শহরের এক পরিচিত ছবি হয়ে ওঠে ওয়েলিংটন স্কোয়ারের ভুটিয়া মার্কেট। নানা রকম গরম পোশাকের সম্ভার নিয়ে এখানে হাজির হন ভুটিয়ারা। অল্প দামে, কিন্তু মানসম্মত ও ফ্যাশনেবল শীতের পোশাক কিনতে ভিড় জমান শহরের অসংখ্য মানুষ। এ বছরও কনকনে ঠান্ডায় জমজমাট ছিল এই বাজার। তবে বৃহস্পতিবার বিকেলে সেই ব্যস্ত বাজারেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ফরেনসিক এনে দলের নথি চুরি করছে ইডি, FIR হবেই!’ আইপ্যাক দপ্তরে বসে হুঙ্কার মমতার
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল প্রায় সাড়ে ৪টে নাগাদ হঠাৎই একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। শীতের শুকনো হাওয়া আর কাছাকাছি সাজানো দোকানগুলির কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ আগুন দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ক্রেতা ও বিক্রেতারা। কেউ কেউ নিজের প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে পালিয়ে যান, ফলে গোটা এলাকা জুড়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে দুটি, পরে আরও ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে একাধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দোকানগুলিতে রাখা শীতের পোশাক, কম্বল, জ্যাকেট-সহ বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি, তবে বহু ক্ষুদ্র ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
উল্লেখ্য, এ বছর শীতে কলকাতা কার্যত কাঁপছে ঠান্ডায়। দিনের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়া ও ঘন কুয়াশা। এই পরিস্থিতিতে শীতের পোশাকের চাহিদা তুঙ্গে, আর তার অন্যতম কেন্দ্র ভুটিয়া মার্কেট। ঠিক সেই সময়েই আগুনে পুড়ে গেল বহু দোকান, যা ব্যবসায়ীদের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন স্থানীয়রা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
