নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। মহানবমীতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে অনেকেরই। তবে মণ্ডপে মণ্ডপে ঘোরার আগে আবহাওয়া নিয়ে কৌতূহলও কম নয়। বৃষ্টি কি পুজোর আনন্দে বাধা দেবে? নাকি রোদের তাপে নাজেহাল হতে হবে দর্শনার্থীদের?
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার নবমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে ঠাকুর দেখার পথে বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে গরম ও অস্বস্তি। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমলে মিলতে পারে স্বস্তি।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই বর্ধমান এবং মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা কম থাকার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ বিভিন্ন জেলায় আবহাওয়া মোটের উপর মনোরম থাকতে পারে। কয়েকটি এলাকায় সকালে কুয়াশার সম্ভাবনাও রয়েছে।
তবে পুজোর পরেই ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস, ২২ থেকে ২৪ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ২৫ ও ২৬ অক্টোবর বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে নিয়মিত পূর্বাভাসে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
