নিউজপোল ব্যুরো: মহাষ্টমীর সকালে কাঁথির নান্দনিক ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজনৈতিক মন্তব্যে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরার পাশাপাশি বামপন্থীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
নিজের বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে কাঁথির নান্দনিক ক্লাবে পৌঁছন মুখ্যমন্ত্রী। নিজের হাতে গড়ে তোলা এই ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। পুজো মণ্ডপ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শুভেন্দু।
তিনি জানান, প্রতি বছরই নিজের ক্লাবে পুজো করেন তিনি। এটি তাঁর কাছে নতুন কিছু নয়, বরং আস্থার বিষয়। এই প্রসঙ্গেই বামেদের কটাক্ষ করে তিনি বলেন, “আমি কমিউনিস্ট নই। আমি নাস্তিক নই। আমি হিন্দুবাড়ির ছেলে। সনাতনী।” তাঁর দাবি, পাঁচ-ছয় বছর বয়স থেকেই পুজো করে আসছেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৫৬ বছর এবং প্রায় ৫০ বছর ধরে এই রীতি পালন করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
এরপর কমিউনিস্টদের উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্য করেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, “পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। কপালে টিকা লাগায় না।”
পাশাপাশি চোরবাগানের ঘটনার প্রসঙ্গ তুলে সতর্ক থাকার বার্তা দেন তিনি। বামেদের ও বিরোধীদের আক্রমণ করে তাঁদের থেকে সাবধান থাকার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। মহাষ্টমীর সকালে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
