উঁইঢিবিকে কাপড় পরিয়েই দুর্গার আরাধনা! ২০০ বছরের ঐতিহ্য আজও আগলে রেখেছে হাজরা পরিবার

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো:মাটির প্রতিমা নয়, উঁইপোকার তৈরি ঢিবিই এখানে দেবী দুর্গার প্রতীক! প্রায় ২০০ বছর ধরে এমনই এক ব্যতিক্রমী রীতিতে দুর্গাপুজো হয়ে আসছে আসানসোলের ঊষাগ্রাম সংলগ্ন নিউ ঘুসিক গ্রামের হাজরা পরিবারে। উঁইঢিবিকে কাপড়ে সাজিয়ে দেবীরূপে পুজো করার এই প্রথার নেপথ্যে রয়েছে এক আশ্চর্য লোককাহিনি।

পরিবারের সদস্য কার্তিক হাজরার কথায়, একসময় পুজোর প্রদীপ থেকে দুর্গাপ্রতিমার চুলে আগুন লেগে যায়। চুল পুড়ে যাওয়ায় সেই প্রতিমা আর পুজোর উপযুক্ত থাকেনি। এরপর মূর্তি গড়ে পুজোর পরিবর্তে ঘটেই শুরু হয় আরাধনা।

পরবর্তীকালে পরিবারের দিবাকর হাজরা মন্দিরের চাতালে একটি উঁইঢিবি দেখতে পান। সেটি ভাঙার কথা ভাবতেই স্বপ্নে দেবী দুর্গার নির্দেশ পাওয়ার কাহিনি প্রচলিত রয়েছে পরিবারে। স্বপ্নাদেশ মেনে উঁইঢিবিকেই মাতৃরূপে পুজো শুরু করেন তিনি। পরে সেখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের আদলও ফুটে ওঠে বলে কথিত রয়েছে।

আজও সপ্তমীতে নবপত্রিকা আনা, অষ্টমীতে ছাগবলির রীতি এবং দশমীতে ঘট বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় পুজো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই লোকবিশ্বাস ও ঐতিহ্যই আগলে রেখেছে হাজরা পরিবারের ব্যতিক্রমী দুর্গোৎসব।