উৎসবের মরশুমে ডায়েট নিয়ে বাড়তি চিন্তা নয়, স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার সহজ কিছু টিপস

কলকাতা

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়া-দাওয়া। রোল, বিরিয়ানি, ফিশ ফ্রাই থেকে মিষ্টি—উৎসবের মরশুমে মানেই হরেকরকম খাবার। তবে পুজোর আনন্দ উপভোগ করতে গিয়ে ডায়েট নিয়ে কোন চিন্তারও প্রয়োজন নেই। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই খাওয়াদাওয়ার সঙ্গে ওজন নিয়ন্ত্রণের ভারসাম্য বজায় রাখা সম্ভব।

অনেকেই রাতে রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা থাকলে দিনের বাকি সময় প্রায় না খেয়ে থাকেন। কিন্তু দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে রাতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই সকাল ও দুপুরে পরিমিত খাবার খাওয়া জরুরি। প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে ফল, দই কিংবা হালকা খাবার খেয়ে নিতে পারেন।

খাবার বাছার ক্ষেত্রেও একটু সচেতন থাকা দরকার। ভাজাভুজির বদলে গ্রিলড চিকেন, তন্দুরি পদ, মাছ কিংবা সবজি বেছে নিতে পারেন। বিরিয়ানি বা মিষ্টি একেবারে বাদ না দিয়ে পরিমাণের দিকে নজর দিন। পাতে স্যালাড ও সবজি রাখুন, পর্যাপ্ত জল পান করুন এবং পেট ভরে গেলে খাওয়া থামান।

পুজোর কয়েক দিন বেশি খেয়ে ফেললেই যে সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যাবে, এমন নয়। ওজন সাময়িক বাড়লে তার কারণ শরীরে জল জমাও হতে পারে। তাই অপরাধবোধে না ভুগে উৎসবের আনন্দ উপভোগ করুন। পুজো শেষে আবার নিয়মিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চার রুটিনে ফিরে আসুন।