নিউজপোল ব্যুরো: পুজোর ভিড় সামলানোর দায়িত্বে থাকা পুলিশকর্মীর বিরুদ্ধেই উঠল মহিলা সহকর্মীকে হেনস্থার অভিযোগ। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপের বাইরে ঘটে এই ঘটনা। সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয় চর্চা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের নাম কবিরুল হাসান মোল্লা। তাঁর বয়স ৫০ বছর। তিনি তিন নম্বর সশস্ত্র ব্যাটালিয়নে এএসআই পদে কর্মরত। অভিযোগকারী মহিলা সিভিক ভলান্টিয়ারের বক্তব্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর। ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে রাস্তার ধারে চেয়ারে বসে থাকা দুই মহিলা সিভিক ভলান্টিয়ারকে দেখা যায়। তাঁদের পিছনে দাঁড়িয়ে ছিলেন এক উর্দিধারী পুলিশকর্মী। তাঁর আচরণ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি।
উৎসবের মরসুমে শহরের নিরাপত্তা বজায় রাখতে পুলিশকর্মীরা যখন ব্যস্ত, তখন বাহিনীরই এক সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় প্রশ্ন উঠছে নানা মহলে। এবার তদন্তে ঘটনার আরও কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।
