Bomb Scare: আরডিএক্স-সায়ানাইডের হুমকি! কলকাতা-সহ রাজ্যজুড়ে নজিরবিহীন বোমাতঙ্ক, খালি একাধিক অফিস

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আদালত চত্বরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে ছড়াল বোমা-আতঙ্ক (Bomb Scare)। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক কেন্দ্রীয় সরকারি দফতরে ই-মেল মারফত ভয়ংকর হুমকি পাঠানো হয়েছে। সেই মেলে দাবি করা হয়েছে, পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসের ভেতরে আরডিএক্সের (RDX) সঙ্গে সায়ানাইড রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে সেগুলি বিস্ফোরিত হবে।

আরও পড়ুন: Election 2026: রাজ্যের অনুরোধে পিছোল কমিশনের বঙ্গ সফর, নতুন সূচি ঘোষণা বাকি

হুমকি-বার্তা (Bomb Scare) পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দফতরগুলিতে তৎপরতা শুরু হয়। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত অফিস খালি করে দেওয়া হয়। কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আচমকা এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চত্বরে।

খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। একাধিক অফিসে শুরু হয় চিরুনি তল্লাশি। বম্ব স্কোয়াড ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল দিয়ে প্রতিটি ঘর, নথি রাখার স্থান এবং আশপাশের এলাকা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকি-মেলটি (Bomb Scare) কোথা থেকে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ই-মেলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে, এটি ভুয়ো হুমকি নাকি প্রকৃত কোনও নাশকতার ছক তা যাচাই করতেই তদন্ত জোরদার করা হয়েছে।

এই ঘটনায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। কেন্দ্রীয় দফতরগুলির পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole