স্বাধীনতা দিবসের আগেই দুর্যোগের কালো মেঘ! ১৩-১৫ আগস্ট পর্যন্ত দুর্যোগের আশঙ্কা, ভাসতে পারে একাধিক জেলা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তীব্র গতিতে শক্তিশালী হয়ে ওঠার পর এবার অতি-গভীর রূপ নিতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে ধেয়ে এসে স্থলভাগে আছড়ে পড়বে। এর জেরে স্বাধীনতা দিবসের সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে নামতে চলেছে টানা অতি ভারী বৃষ্টি। ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বর্ষা দক্ষিণবঙ্গে তার মারাত্মক রূপ দেখাবে বলে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, বেশ কিছু জায়গায় ২০ সেন্টিমিটারের চেয়েও বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান এবং হুগলি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

১৪ ও ১৫ আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেও দুর্যোগ কমার কোনো লক্ষণ নেই। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বজায় থাকবে। অন্য দিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা পিছু ছাড়ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৩ থেকে ১৮ আগস্ট পর্যন্ত টানা পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ আগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড় থেকে সমতল— গোটা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যেই এখন দুর্যোগের থমথমে মেঘ।