নিউজ পোল ব্যুরো: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রস্তাবিত সফর আপাতত পিছিয়ে গেল। কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আগামী ১ মার্চ রাজ্যে আসার কথা ছিল। ২ মার্চ রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের সূচিও নির্ধারিত ছিল।
আরও পড়ুন:OTT Platforms:ওয়েব সিরিজে বেলাগাম যৌন দৃশ্য! পাঁচ প্ল্যাটফর্মের উপর কড়া পদক্ষেপ কেন্দ্রের
সূত্রের খবর, রাজ্য সরকারের অনুরোধেই সফরসূচি স্থগিত করেছে কমিশন। কবে নতুন করে এই বৈঠক হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কমিশনের প্রতিনিধিদলে ডিজি (আইটি) সীমা খান্নার থাকার কথা ছিল। ভোটার তালিকা সংক্রান্ত ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার পরেই নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে চেয়েছিল কমিশন। তবে ১ মার্চ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ–সি ও ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে, যেখানে প্রায় আট লক্ষ পরীক্ষার্থী অংশ নেবেন। ফলে জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের ব্যাপক ব্যস্ততা থাকবে। একই দিনে ইডেন গার্ডেন্সে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, যার জেরে কলকাতা পুলিশের উপরও বাড়তি দায়িত্ব পড়বে। পরদিন দোল উৎসব থাকায় প্রশাসনিক চাপ আরও বাড়বে।
প্রশাসনের একাংশের মতে, ভোটার তালিকা প্রকাশের পর সম্ভাব্য ক্ষোভ-বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। সবদিক বিবেচনা করেই রাজ্যের আবেদনের ভিত্তিতে কমিশনের সফর আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
