নিউজ পোল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) ভারত–বাংলাদেশ সীমান্তজুড়ে রাতের পর রাত এবার কার্যত অচলাবস্থা। জেলা প্রশাসন নতুন নির্দেশনায় জানিয়েছে, আগামী দুই মাস সীমান্ত এলাকায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে। দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী, বালুরঘাট, হিলি, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও কুশমন্ডি এই ছয়টি থানাকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। সীমান্তের ৮ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে একগুচ্ছ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, এটি সম্পূর্ণই নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা, যার উদ্দেশ্য সীমান্ত-সংশ্লিষ্ট অনৈতিক বা ঝুঁকিপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ। তবে স্থানীয় মহলের ধারণা, পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে যে কোনও উত্তেজনা এড়াতেই সতর্ক অবস্থানে থাকা হচ্ছে।
আরও পড়ুন: SIR: ডেডলাইন বাড়বে না, ৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে, CEC-এর স্পষ্ট নির্দেশ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোট ৭৭ ধরনের পণ্য ও সামগ্রী সীমান্তের ৮ কিলোমিটারের ভেতর বহন বা পরিবহণে নিষেধাজ্ঞা থাকবে। চাল, গম, শিশুখাদ্য, মাংস, ধাতব সামগ্রী, মোটরবাইক, বৈদ্যুতিক যন্ত্রপাতি সবই এই তালিকায় অন্তর্ভুক্ত। একই সঙ্গে রিক্সা, মোটরবাইক, টেম্পো, লরি-সহ বিভিন্ন পরিবহণমাধ্যম ওই সময় চলাচল করতে পারবে না। মানুষের চলাচলেও সীমাবদ্ধতা আনা হয়েছে। জরুরি কারণ ছাড়া সন্ধ্যার পর সীমান্তঘেঁষা গ্রামগুলিতে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সীমান্তের ৩০০ মিটারের মধ্যে পশুচারণ নিষিদ্ধ, এবং সীমান্ত থেকে ৫০ মিটার ব্যাসার্ধে তিন ফুটের বেশি উচ্চতার ফসল চাষেও বাধা জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, ঘন ফসল বা পশুচারণ সীমান্ত নজরদারিতে সমস্যা তৈরি করতে পারে।
নতুন নির্দেশ অনুযায়ী এসব বিধিনিষেধ ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। ফলে সীমান্ত সংলগ্ন বহু গ্রামবাসীর দৈনন্দিন জীবন ও কৃষিকাজে প্রভাব পড়তে পারে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য আগের বছরের মতোই এই বিধিনিষেধ তাদের কর্মজীবন কঠিন করে তুলবে। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) জেলাশাসক বালাসুব্রাহ্মণিয়াম টি জানান,“এটি সম্পূর্ণ রুটিন সিকিউরিটি প্রোটোকল। এর আগেও এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাই এখানে মুখ্য লক্ষ্য।” তবে বাসিন্দাদের মতে, অস্থায়ী হলেও এই নিয়ম তাদের জীবনযাত্রায় বড় চাপ তৈরি করবে। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
