নিউজ পোল ব্যুরো: বছর কয়েক আগে রোজগারের খোঁজে বীরভূমের পাইকর গ্রাম থেকে রাজধানী দিল্লিতে পাড়ি দিয়েছিলেন দানিশ শেখ। সংসারের অভাব অনটন মেটাতে সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী সোনালি বিবি (Sonali Bibi) ও ছোট সন্তানও। দিল্লিতে দিনমজুরির কাজ করে কোনওরকমে জীবন চলছিল। কিন্তু গত জুন মাসে আকস্মিকভাবে তাদের জীবনে নেমে আসে কঠিন বিপর্যয়।দিল্লির রাস্তায় বাংলা ভাষায় কথা বলার জেরে পুলিশ তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করে আটক করে। পরে তদন্তের নিয়ম না মেনেই সোনালি (Sonali Bibi), দানিশ, তাদের সন্তান এবং আরও কয়েকজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। তখন সোনালি অন্তঃসত্ত্বা। হঠাৎ বিদেশি মাটিতে ঠাঁই পাওয়া, আটক হওয়া এবং জেলে দিন কাটানো সবই ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা।
আরও পড়ুন: Anubrata Mondal: ‘ছাব্বিশে তৃণমূল কত আসন পাবে…’, অঙ্ক কষে জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল
ওই ঘটনায় মামলা গড়ায় প্রথমে হাই কোর্টে, পরে সুপ্রিম কোর্টেও শুনানি চলে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে তাঁদের মুক্তির নির্দেশ আসে। এরমধ্যেই সোনালির প্রসূতি অবস্থার অবনতি হওয়ায় তাকে আলাদা করে দেশে পাঠানোর বন্দোবস্ত করা হয়। গত শুক্রবার রাতেই মালদহের মেহেদিপুর সীমান্ত দিয়ে সোনালি (Sonali Bibi) ও তার ছেলে ভারতে ফিরতে সক্ষম হন। তবে দানিশসহ পরিবারের চার জন এখনও বাংলাদেশে আটকে রয়েছেন সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষায়।
ভারতে ফিরে এসেই শারীরিক অসুস্থতার কারণে সোনালিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয় তার চিকিৎসার জন্য। পাঁচ দিন ধরে পর্যবেক্ষণের পর বুধবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে সোনালি যখন নিজ গৃহে ফিরলেন, তখন গ্রামের মানুষজন তাকে ঘিরে সান্ত্বনা ও সহমর্মিতা জানালেও তার মনে শান্তি নেই। পরিচিত ঘরদোর, নিজের সন্তানকে সঙ্গে পাওয়া এসবের মাঝেও আনন্দের চেয়ে দুঃখই বেশি তাড়া করছে তাকে। কারণ, এত দিনের যন্ত্রণা শেষে দেশে ফিরে এসেও তার স্বামী দানিশকে পাশে পাচ্ছেন না।
সোনালির কথায়, এবার আর কিছু চাই না শুধু চান স্বামী দ্রুত ফিরে আসুক। দীর্ঘদিনের দুশ্চিন্তা, বন্দিজীবনের কষ্ট এবং সন্তানকে নিয়ে অনিশ্চয়তার ভিতর দিয়ে যাওয়ার পর সোনালি মনে করছেন, তার পরিবারের সবাই একসঙ্গে ঘরে ফিরলেই এই দুর্ভাগ্যের চক্র সত্যিই শেষ হবে। এখন প্রতিদিনই তিনি অপেক্ষা করছেন সেই সংবাদটির জন্য যে দানিশ ও বাকিরাও অবশেষে নিজের দেশে ফিরছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
