World Boxing championship champion Nikhat Zareen: প্যারিসসের ব্যর্থতা অতীত! তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অলিম্পিকের হতাশা কাটিয়ে নিখাত জরিন (Nikhat Zareen) আবারও রিংয়ে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করলেন। দীর্ঘসময় প্রতিযোগিতা থেকে দূরে থাকার পর অনেকেই ভেবেছিলেন, আগের সেই আগ্রাসী নিখাতকে হয়তো আর দেখা যাবে না। কিন্তু গ্রেটার নয়ডার আলো-ঝলমলে ফাইনালেই সব সংশয় উড়িয়ে দিলেন হায়দরাবাদের এই বক্সার। মহিলা বক্সিংয়ের ৫১ কেজি বিভাগে একেবারে একচ্ছত্র দাপট দেখিয়ে চাইনিজ তাইপের শুয়ান ই গুও-কে ৫-০ ব্যবধানে হারিয়ে তিনি তুলে নিলেন নিজের তৃতীয় বিশ্বচ্যাম্পিয়ন খেতাব।

প্যারিস অলিম্পিকে (Paris Olympics) শূন্য হাতে দেশে ফেরার পর নিখাতের এমন দুর্দান্ত কামব্যাক আবারও আশা জাগিয়েছে ভারতীয় বক্সিংমহলে। আসন্ন অলিম্পিককে সামনে রেখে এই ফেরাটাই সবচেয়ে বড় ইতিবাচক বার্তা।

আরও পড়ুন: KMC: ‘পরিচ্ছন্ন কলকাতা’ গড়তে অভিনব উদ্যোগ, পথে নামছে পুরসভা, বার্তা মেয়র ফিরহাদ হাকিমের

প্যারিস অলিম্পিকে নিখাতকে নিয়ে দেশবাসীর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, কিন্তু তিনি শেষ ষোলোর লড়াইয়ে চিনের উ ইউ-র (Wu Yu) কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান, যিনি পরে অলিম্পিক সোনা জেতেন। সেই ধাক্কা সামলে নিখাত যে এত দ্রুত আন্তর্জাতিক মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, তা তাঁর দৃঢ় মানসিকতারই পরিচয়।

এই টুর্নামেন্টে নিখাত ছিলেন অন্য মেজাজে – মনঃসংযোগ ছিল স্থির, লড়াইতে ছিল নিখুঁত কৌশল এবং শারীরিক সক্ষমতা। প্রতিটি রাউন্ডেই নিখাত প্রমাণ করেছেন যে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা বক্সার। তাঁর এই প্রত্যাবর্তন ভারতীয় বক্সিংয়ের জন্য এক নতুন বার্তা নিয়ে এল। শুধু নিখাত নন, দেশের মাটিতে আয়োজিত এই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল উপহার দিয়েছে রেকর্ড সাফল্য। টুর্নামেন্টে অংশ নেওয়া ২০ জন ভারতীয় বক্সারের প্রত্যেকেই পদক জিতেছেন—যা এক অনন্য নজির। ভারতের মোট পদকের ঝুলিতে এসেছে ৯টি সোনা, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। বিশেষ করে মহিলা বিভাগে ছিল অসাধারণ আধিপত্য—সম্ভাব্য ১০টি সোনার মধ্যে ৭টিই ভারতের দখলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এই সাফল্যের ব্যাখ্যায় মতভেদও রয়েছে। ক্রীড়ামহলের একাংশের দাবি, বিশ্বের প্রথম সারির বহু বক্সার এই প্রতিযোগিতায় অংশ নেননি। কাজাখস্তান, উজবেকিস্তানের মতো শক্তিশালী দেশও পাঠিয়েছে তুলনামূলক দুর্বল দল। তবুও, এই পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতীয় বক্সারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের বড় মঞ্চে আরও সাফল্যের স্বপ্ন দেখাবে।