KMC: ‘পরিচ্ছন্ন কলকাতা’ গড়তে অভিনব উদ্যোগ, পথে নামছে পুরসভা, বার্তা মেয়র ফিরহাদ হাকিমের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতা শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে নতুন করে সক্রিয় হল কলকাতা পুরসভা। এই লক্ষ্যকে সামনে রেখে শহরবাসীর মধ্যে বর্জ্য পৃথকীকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। শুক্রবার ‘টক টু মেয়র’ কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে আবর্জনা আলাদা করে ফেলার অভ্যাস বাধ্যতামূলক করা প্রয়োজন এবং নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Purulia: পুরুলিয়া-রায়গঞ্জ প্রাণ কাড়ছে মৌমাছি, আতঙ্ক ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়

মেয়রের কথায়, সাধারণ আবর্জনা ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা না করলে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। এই বার্তা ছড়িয়ে দিতে পুরসভার তরফে একটি সচেতনতামূলক গান ও ভিডিও প্রস্তুত করা হয়েছে। আপাতত এই গানটি এফএম রেডিওতে সম্প্রচার করা হবে এবং পুরসভার ব্যাটারিচালিত পরিবহণ ব্যবস্থার মাধ্যমেও প্রচার চালানো হবে। পাশাপাশি শহরের বিভিন্ন জনবহুল স্থানে বড় স্ক্রিন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে, যাতে আরও বেশি মানুষ এই বার্তার সঙ্গে যুক্ত হন।

ফিরহাদ হাকিম বলেন, “শুধু প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিলেই চলবে না, শহরবাসীকেও নিজেদের দায়িত্ব বুঝতে হবে। সবাই যদি সচেতনভাবে বর্জ্য পৃথকীকরণ করেন, তা হলে কলকাতা দ্রুত একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহরে পরিণত হবে।” তার মতে, নাগরিকদের সক্রিয় সহযোগিতাই এই অভিযানের মূল ভিত্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও মেয়র শহরবাসীর কাছে আরও একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। তিনি অনুরোধ করেন, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যেন কোনও গাড়ি রাস্তায় পার্ক করে না রাখা হয়। কারণ এই সময়েই পুরসভার সাফাইকর্মীরা নিয়মিত রাস্তা পরিষ্কার করেন এবং গাড়ি পার্ক করা থাকলে তাঁদের কাজে বিঘ্ন ঘটে। রাস্তা খালি রাখলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। পুরসভার আশা, এই নতুন উদ্যোগ এবং সচেতনতা প্রচারের ফলে শহরের মানুষ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও দায়িত্বশীল হবেন। প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত চেষ্টাতেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও সুস্থ কলকাতা— এমনটাই মনে করছে কলকাতা পুরসভা।