West Bengal Election 2026: ভোটের ময়দানে নামছেন মমতা-অভিষেক, কর্মিসভা দিয়েই শুরু তৃণমূলের প্রচার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। রবিবার থেকেই নির্বাচনী প্রচারের ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগামী ২৪ মার্চ থেকে জনসভা শুরু করতে চলেছেন।

আরও পড়ুন: Mamata Banerjee: বৃষ্টিতেই রেড রোডে মমতা, ইদের মঞ্চে বিজেপি-কমিশনকে তোপ

নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রচারের প্রস্তুতি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি গুরুত্বপূর্ণ কর্মিসভা করবেন তিনি। এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলারদের। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের নির্বাচনী রণকৌশল স্পষ্ট করে দিতে পারেন মমতা। ভবানীপুরে মমতা ও শুভেন্দুর লড়াইকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। দলীয় সূত্রে খবর, ভবানীপুরে কর্মিসভার পর উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে পারেন তৃণমূল নেত্রী। আগামী ২৫ মার্চ কোচবিহার ও আলিপুরদুয়ারে জনসভা করার সম্ভাবনা রয়েছে তার। এর পরের দিন চালসাতেও একটি জনসভা করার কথা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৪ মার্চ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রচার শুরু করবেন। ওইদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি জনসভা করবেন তিনি। পরের দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে একাধিক জনসভা করার সূচি রয়েছে। পাশাপাশি নন্দীগ্রামের দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন অভিষেক। উল্লেখ্য, নন্দীগ্রাম কেন্দ্র থেকেও এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।