CV Anand Bose: রাজ্যপালের সঙ্গে চূড়ান্ত অসৌজন্য? যুবভারতীর বন্ধ দরজার সামনে থেকে ফিরলেন তিনি

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সন্ধ্যায় যে অস্বস্তিকর ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়, তা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক স্টেডিয়ামে (Kolkata) ভিড় জমালেও, শেষ পর্যন্ত তাদের হতাশ হয়েই ফিরতে হয়। অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত দর্শকদের ক্ষোভ সামাল দিতে না পেরে উদ্যোক্তারা শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়তে বাধ্য করেন। এই ঘটনার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) ঘিরে।

আরও পড়ুন: Shatadru Dutta Arrest: বিমানবন্দর থেকে গ্রেফতার শতদ্রু দত্ত

শনিবার সন্ধ্যায় যুবভারতীতে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন তিনি (CV Anand Bose)। তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলেছেন রাজ্যপাল। তাঁর দাবি, নির্দিষ্ট সময়ে এবং আগাম জানিয়েই তিনি ৩ নম্বর গেটে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন, গেট বন্ধ। তাঁকে বাইরে অপেক্ষা করতে হয় এবং সেই সময়েই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, একজন গভর্নরের সঙ্গে এ ধরনের আচরণ কখনওই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় কি এভাবেই রাজ্যপালের সঙ্গে ব্যবহার করা হয়? রাজ্যপালের মতে, তাঁকে ইচ্ছাকৃতভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে এবং গোটা ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, গভর্নর কোনও “রাবার স্ট্যাম্প” নন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে।

রাজ্যপাল আরও অভিযোগ করেন, খেলাধুলাকে এখানে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ দর্শকদের। তিনি জানান, ঘটনার পরদিন অর্থাৎ রবিবার আবারও যুবভারতীতে আসবেন এবং গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখবেন। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার আগেই আয়োজক শতদ্রু ঘোষকে গ্রেফতার করা হয়েছে। দর্শকদের সঙ্গে প্রতারণা, নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে যুবভারতীর ঘটনা রাজ্যের ক্রীড়া ও প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এখন দেখার, এই ঘটনার পর প্রশাসন ও আয়োজকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা রুখতে কী ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole