নিউজপোল ব্যুরো: পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। এরই মধ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মহালয়ার আগে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ জমতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ভ্যাপসা গরমের অস্বস্তিও বজায় থাকতে পারে।
কলকাতাতেও দুপুরের পর আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে তাতে গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুজোর মুখে এই আবহাওয়ার পরিবর্তন প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।
