মালদার সভা থেকে ধর্ম নিয়ে বড় ঘোষণা, ‘লাভ জিহাদ-ল্যান্ড জিহাদ বন্ধ হবে’: শুভেন্দু

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:   মালদায় প্রশাসনিক সভা থেকে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে উঠে এল ধর্ম পরিবর্তন, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’-এর প্রসঙ্গ। এই ধরনের ঘটনা রুখতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার বার্তা দেন তিনি।

মালদার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, কোনওভাবেই ধর্ম পরিবর্তনের মতো ঘটনা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ বন্ধ করার কথাও জানান তিনি। তাঁর দাবি, এলাকার মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সম্প্রীতি বজায় রেখেই উন্নয়নের পথে এগোতে হবে।

এদিনের সভা থেকে মালদার উন্নয়ন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন শুভেন্দু। গঙ্গাভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ, ভেঙে যাওয়া বাড়ি পুনর্নির্মাণ এবং অন্যান্য সরকারি সুবিধার কথাও জানান তিনি।

শুভেন্দুর বক্তব্যে একইসঙ্গে উঠে আসে হিন্দু-মুসলিম নির্বিশেষে সরকারি সুবিধা দেওয়ার প্রসঙ্গ। তাঁর দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তবে ধর্মীয় বিষয় নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।