নিউজপোল ব্যুরো: হঠাৎ প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় নেমে সেই পরিস্থিতির সাথে কীভাবে মোকাবিলা করা সম্ভব —সেই প্রস্তুতিই এবার হাতে-কলমে শেখানো হল কলকাতা পুরসভায়। নিজেকে রক্ষা করার পাশাপাশি অন্যকে সহযোগিতা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে বোরো–V দফতরে আয়োজিত হল ‘ফেমেক্স ২০২৬’।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF)-এর উদ্যোগ্যে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেন কলকাতা পুরসভার আধিকারিক, কর্মী এবং স্কুল পড়ুয়ারা। অগ্নিকাণ্ড, শহুরে বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতিতে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সেই বিষয়ে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ।
শুধু আলোচনার মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না, ছিল একাধিক হাতে-কলমের প্রশিক্ষণ। NDRF-এর আধিকারিকরা উদ্ধারকাজ, প্রাথমিক চিকিৎসাজলমগ্ন এলাকা কিংবা ঝড়-বৃষ্টির মধ্যে কেউ বিপদে পড়লে কীভাবে তাঁকে নিরাপদে উদ্ধার করা যায়, এবং বিপদের সময়ে মাথা ঠাণ্ডা রেখে সাধারণ মানুষের কী করণীয় সেই সম্পর্কে প্রশিক্ষণের পাশে লাইভ ডেমো দেখানো হয়।
‘আজকের প্রস্তুতি–আগামী দিনের নিরাপত্তা’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য, দুর্যোগের সময়ে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সচেতনতা তৈরি করা।
