আকাশজুড়ে কালো মেঘ, সঙ্গে ঝোড়ো হাওয়া-বজ্রপাত; দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা

নিউজপোল ব্যুরো: পুজোর প্রস্তুতির মধ্যেই ফের আবহাওয়ার ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলার আকাশে দেখা দিয়েছে কালো মেঘের আনাগোনা। সঙ্গে রয়েছে দমকা হাওয়া। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতাতেও এদিন আবহাওয়ার পরিবর্তন বেশ স্পষ্ট। সকাল থেকেই রোদের দেখা মেলেনি অনেক জায়গায়। মেঘলা আকাশের পাশাপাশি দমকা হাওয়া বইছে। ফলে যে কোনও সময় বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১১ অক্টোবর থেকে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির ফাঁকেও গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকতে পারে। দুর্গাপুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।