নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দে নতুন পোশাকের চাহিদা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের কাছেই তা অধরা থেকে যায়। সেই কথা মাথায় রেখেই পুজোর আগে অভিনব উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। পানিহাটিতে চালু হল ‘নমো মল’, যেখানে মাত্র ১০ টাকার কুপনেই জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী কেনার সুযোগ থাকছে।
বৃহস্পতিবার পানিহাটিতে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে বিজেপির স্থানীয় ও রাজ্য নেতৃত্বের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, উৎসবের সময়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষরা যাতে আন্দোৎসব পালন করতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মলে বিভিন্ন ধরনের জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। ১০ টাকার কুপন সংগ্রহ করে সেই সামগ্রী নেওয়া যাবে। ফলে পুজোর আগে কম খরচে নিজেদের পছন্দমতো পোশাক সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ।
সুকান্ত মজুমদার এদিন ‘সেবাই সংগঠন’ বার্তার কথাও তুলে ধরেন। তাঁর দাবি, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। একইসঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায়ও ‘নমো মল’-এর এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। আগামী দিনে রাজ্যের আরও কয়েকটি জেলায় একই ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
