মাত্র ১০ টাকায় জামা-কাপড়! পুজোর আগে বিজেপির মহা উদ্যোগ, যেখানে পুজোর পোশাক মিলছে অবিশ্বাস্য দামেপানিহাটিতে খুলল ‘নমো-মল’

breakingnews অফবিট জেলা প্রযুক্তি

নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দ সবার, কিন্তু নতুন জামাকাপড় কেনার সামর্থ্য সবার থাকে না। সেই কথা মাথায় রেখে পানিহাটিতে শুরু হল অভিনব উদ্যোগ। মাত্র ১০ টাকায় জামা-কাপড় পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে ‘নমো-মল’-এ। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার পানিহাটির এই উদ্যোগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

পানিহাটির এইচবি টাউনে তৈরি হয়েছে ‘নমো-মল’। বিজেপি কর্মী জয় সাহার উদ্যোগেই এই ব্যবস্থা চালু হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, দুর্গাপুজোয় নতুন পোশাক পরার আনন্দ থেকে যাতে আর্থিক সমস্যায় থাকা মানুষজন বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই মাত্র ১০ টাকার বিনিময়ে পোশাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আপাতত প্রায় ১০ হাজার দুস্থ মানুষের জন্য পোশাকের ব্যবস্থা রাখা হয়েছে। তবে উপভোক্তার সংখ্যা আরও বাড়লে সেই অনুযায়ী পোশাকের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা জয় সাহা। আগামী রবিবার পর্যন্ত এই ‘নমো-মল’ চালু থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। তাঁর বক্তব্য, শুধু ভোটের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকার কাজ করা উচিত। পুজোর আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভাবনা থেকেই এই আয়োজন বলে জানান তিনি। মাত্র ১০ টাকায় জামা-কাপড় পাওয়ার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বহু মানুষ। তাঁদের অনেকের কাছেই এত কম দামে নতুন পোশাক পাওয়ার বিষয়টি ছিল কার্যত অবিশ্বাস্য। পুজোর আগে এই উদ্যোগ তাঁদের মুখে হাসি ফুটিয়েছে বলেই জানাচ্ছেন প্রাপকরা।