নবমীর ভোরে বাঘাযতীনে বিধ্বংসী আগুন, একের পর এক দোকান গ্রাস করল লেলিহান শিখা

কলকাতা রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দের মাঝেই কলকাতার বাঘাযতীন এলাকায় ছড়ালো আতঙ্ক। মহানবমীর ভোরে বাঘাযতীনে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।

প্রাথমিক অনুমান, ভোর চারটে নাগাদ বাজারের একটি বাতাসা তৈরির দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় পরপর দোকানে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত উদ্বেগজনক হয়ে ওঠে। আগুনের খবর পেয়ে দমকলকে খবর দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের জেরে নবমীর সকালে গড়িয়া ও যাদবপুরের মধ্যে সংযোগকারী রাজা এসসি মল্লিক রোডে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ফলে ওই রাস্তায় যাতায়াতকারী মানুষকে কিছুটা সমস্যায় পড়তে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন। পুজোর মরশুমে বাজারের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।