নিউজপোল ব্যুরো: রাজ্যে কম দামের স্ট্যাম্প পেপার না পাওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপার বাজারে মিলছে না বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক মামলাকারী। তাঁর দাবি, এর ফলে প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
মামলাকারীর অভিযোগ, প্রশাসনের অলিখিত নির্দেশে অনুমোদিত ভেন্ডারদের কাছ থেকে ২৫ হাজারেরও বেশি স্ট্যাম্প পেপার তুলে নেওয়া হয়েছে। পরে সেগুলি রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
এই ঘটনার সঙ্গে তৃণমূলের দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত আইনি বিবাদের যোগ রয়েছে বলে অভিযোগ মামলাকারীর। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে হলফনামা জমা দেওয়ার জন্য, গণতান্ত্রিক তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সমর্থনে সাধারণ তৃণমূল কর্মীদের কাছ থেকে হলফনামায় সই সংগ্রহের কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এই কাজে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আদালতের কাছে তাঁর আবেদন, স্ট্যাম্প পেপারে সই সংগ্রহের প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক এবং ইতিমধ্যে সংগৃহীত স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করা হোক। মামলায় হাইকোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।
