Bhawanipur: ভবানীপুরে ভোটের আগে রণক্ষেত্র, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা ভোট ঘিরে এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভবানীপুর (Bhawanipur) যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerje) আসন হিসেবেই পরিচিত। একদিকে শাসকদল, অন্যদিকে বিরোধী শিবির এই হাইভোল্টেজ লড়াইয়ের আবহেই ভোটের ঠিক আগে গভীর রাতে চরম উত্তেজনার সৃষ্টি হল। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরেই ভবানীপুর (Bhawanipur) তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রেই এবার বিজেপির অভিযোগ, তাদের প্রচারের ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে তৃণমূল কর্মীদের দ্বারা। এই ঘটনাকে ঘিরে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির (BJP) দাবি, জগুবাবু বাজারের কাছে ব্যানার খুলতে গেলে তাদের কর্মীদের ধাওয়া করা হয়। অভিযুক্তরা পরে ভবানীপুর (Bhawanipur) থানায় আশ্রয় নেয় বলেও অভিযোগ। এরপর থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। ফলে গোটা ভবানীপুর (Bhawanipur) জুড়ে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন: I-PAC : কয়লা পাচার মামলায় I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেফতার

অন্যদিকে, ভোটের আগেই নতুন করে অশান্তির ছবি দেখা গেল বরানগরে। বিজেপির এক সভা শেষ হওয়ার পর তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই হামলার পিছনে তৃণমূলের (TMC) সমর্থকরাই জড়িত। এই ঘটনায় সরাসরি অভিযোগ তোলা হয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পরিবারের বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপি প্রার্থী সজল ঘোষের নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। সেখানেও ফের হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত শাসকদলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole