Mamata Banerjee: ‘ফরেনসিক এনে দলের নথি চুরি করছে ইডি, FIR হবেই!’ আইপ্যাক দপ্তরে বসে হুঙ্কার মমতার

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের আইপ্যাক দপ্তরে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন, ফরেনসিক টিম ব্যবহার করে ল্যাপটপ থেকে দলের গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী রণকৌশল চুরি করা হয়েছে, যা সরাসরি একটি অপরাধ। এই ঘটনার জন্য ইডির (ED) বিরুদ্ধে এফআইআর (SIR) দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি জানান, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন সেখানে না আসা পর্যন্ত তিনি সল্টলেকের অফিসেই অবস্থান করবেন।

আরও পড়ুন: ED: ‘নথি চুরি করেছে ইডি!’ কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় FIR প্রতীক জৈনের পরিবারের

দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরে বৃহস্পতিবার সকাল থেকে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের আইপ্যাক অফিসে তল্লাশি চালায় ইডি। এই অভিযান চলাকালীন প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পরে তিনি সল্টলেকের আইপ্যাক অফিসে পৌঁছন। সেখান থেকে বেশ কিছু ফাইল সংগ্রহ করে নিজের গাড়িতে তোলেন তিনি। এরপর সাংবাদিকদের সামনে এসে একযোগে ইডি ও দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ভোর ছ’টা থেকে যখন অফিসে কেউ উপস্থিত ছিল না, তখনই এই অভিযান শুরু করা হয়। সেই সময় দলের সমস্ত ডেটা, ল্যাপটপ, মোবাইল ফোন, নির্বাচনী পরিকল্পনা এবং এমনকি এসআইআর সংক্রান্ত নথিও ফরেনসিক টিম এনে কপি ও ট্রান্সফার করা হয়েছে। তাঁর মতে, এটি শুধুমাত্র প্রশাসনিক তৎপরতা নয়, বরং গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। এদিনের ঘটনাকে তিনি ‘মার্ডার অফ ডেমোক্রেসি’ বলেও আখ্যা দেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, অফিস কার্যত খালি করে দেওয়া হয়েছে। এখন নতুন করে সব কাজ শুরু করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। যদি কোনও নথির প্রয়োজনই থাকত, তবে তা আয়কর দপ্তরের মাধ্যমে নেওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি। বিজেপিকে ‘ডাকাতের দল’ আখ্যা দিয়ে মমতা বলেন, নির্বাচনের মুখে রাজনৈতিকভাবে লড়াই করার সাহস না থাকায় ইডিকে ব্যবহার করে ভোটের কৌশল ছিনতাই করা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করে দেন, সৌজন্যতা দেখালেও তাঁকে দুর্বল ভাবা হলে ভুল হবে। দলের সব কিছু লুট করে নেওয়া হলে তিনি চুপ করে বসে থাকবেন না। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়েও একই সুরে তিনি ইডি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন। মমতার দাবি, তৃণমূলের গোপন তথ্য ও প্রার্থী তালিকা হাতানোর উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে। তিনি জানান, দলের কিছু ফাইল ও হার্ড ডিস্ক তিনি নিজেই সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, কারণ সেগুলি তাঁর দলের সম্পত্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole