নিউজ পোল ব্যুরো:রবিবার সকালে পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জন পুণ্যার্থীর, আহত কমপক্ষে ৫০। রথযাত্রাকে (Puri Rath Yatra) কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার পর রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, সরকারের অযোগ্যতা এবং অব্যবস্থার ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি জানান, এর দায় সম্পূর্ণভাবে ওড়িশা সরকারকেই নিতে হবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/06/29/tmc-vs-election-commission-voter-list-revision/
রবিবার ভোর সাড়ে চারটে থেকে ভিড় জমতে শুরু করে গুন্ডিচা মন্দিরের চত্বরে। এদিন রীতি অনুযায়ী, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হন। সেই দৃশ্য দেখার জন্য হাজার হাজার পুণ্যার্থী মন্দিরের (Puri Rath Yatra) সামনের সংকীর্ণ এলাকায় উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সামগ্রী বহনকারী গাড়ি ঢোকে। হুড়োহুড়িতে ভেঙে পড়ে ব্যারিকেড, এবং সেখান থেকেই শুরু হয় পদপিষ্ট হওয়ার ঘটনা।
এই ঘটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও গভীর শোক প্রকাশ করে বলেন, এত বড় উৎসবে পর্যাপ্ত জননিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, আহতদের দ্রুত চিকিৎসা এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি।
এছাড়া শুক্রবার রথযাত্রার সময়ও একই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সে দিনও রথ টানা সম্ভব হয়নি সময়মতো। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
সবকিছু মিলিয়ে ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দুঃখ প্রকাশ করেন এবং জানান, এই ধরনের গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। তিনি বলেন, রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যারা দোষী, তারা উপযুক্ত শাস্তি পাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পরপর দুটি ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা বাড়ছে, অথচ জননিয়ন্ত্রণে প্রশাসনিক প্রস্তুতির অভাব পরিষ্কারভাবে উঠে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনার অভিঘাত ওড়িশা সরকারের উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।
