BLO: ভোটার তালিকা সংশোধনে জোর, বিএলওদের কাজ নিয়ে কঠোর মনোভাব কমিশনের

রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিএলও (BLO)–দের কাজের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের (SIR) মধ্যে যাতে কোনও শিক্ষক, যিনি বিএলও হিসাবে দায়িত্ব পালন করছেন, নিজ প্রতিষ্ঠানে কোনও ধরনের চাপ বা প্রতিকূলতার মুখে না পড়েন—সেই বিষয়ে বুধবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের বহরমপুরে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিএলও হিসেবে নিযুক্ত কোনও শিক্ষককে স্কুলের প্রধান শিক্ষক, পরিচালন কমিটি বা অন্য কোনও কর্তৃপক্ষ ‘বিরক্ত’ করলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন:Weather Update : দক্ষিণবঙ্গে উধাও শীত, বাড়ছে তাপমাত্রা! দু’দিক থেকে নিম্নচাপে ফের বদলাবে আবহাওয়ার ছবি

দিনভর দুই জেলায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল , অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস সহ কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ অভিযোগ—বহু এলাকায় স্কুল কর্তৃপক্ষের চাপে শিক্ষক–বিএলওরা Enumeration Form বিলি ও জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন। অভিযোগ অনুযায়ী, বিএলওরা মাঠপর্যায়ের কাজ করতে গেলে কিছু স্কুলে তাদের ইচ্ছে করে ‘অনুপস্থিত’ বলা হচ্ছে, যা তাদের সরকারি দায়িত্ব পালনে সরাসরি বাধা তৈরি করছে।কমিশনের নির্দেশ, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারি চালাতে হবে এবং কোনও বিএলও দায়িত্ব এড়িয়ে গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। বর্তমানে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার ফর্ম বিলি প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে ফর্ম জমা নেওয়ার কাজ, যা ২৬ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে জেলা প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিনের বৈঠকে অ্যাপ–সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কথাও আলোচনা হয়। সার্ভার বিভ্রাট বা অ্যাপ ল্যাগের সমস্যাগুলি দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন জ্ঞানেশ ভারতী। কমিশন সূত্রে আরও জানা গেছে, বুধবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত সারা রাজ্যে মোট ৭,৬৪,১১,০৮৩টি, অর্থাৎ প্রায় ৯৯.৭ শতাংশ Enumeration Form বিলি হয়ে গেছে। বাকি রয়েছে মাত্র ২.২৬ লক্ষের মতো ফর্ম। ইতিমধ্যেই জমা পড়া ১,৪১,২১,২০২টি ফর্ম ডিজিটাইজ করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।