নিউজ পোল ব্যুরো: বসন্তের নরম রোদ আর মনভোলানো হাওয়ার মাঝেই রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ (Low Pressure Area) এবং সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) মিলিত প্রভাবে বদলে যাচ্ছে আবহাওয়ার চরিত্র। ভররাত থেকেই শুরু বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, আগামী দু’দিনে আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : Mukul Roy Death: মুকুল রায়ের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলি এক নজরে
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রথম দফার বৃষ্টি নামবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। দিনের তাপমাত্রায় সামান্য পতন হলেও আর্দ্রতার মাত্রা বাড়বে বলেই পূর্বাভাস। আজ, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি, বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অফিসযাত্রীদের সকালে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পার্বত্য এলাকাতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পৃথক একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে—ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ। বসন্তের মনোরম আবহ কাটিয়ে ফের বৃষ্টিমুখর হতে চলেছে বাংলা। আগামী কয়েক দিন আবহাওয়ার ওঠানামা চলবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। তাই হালকা শীতের আবহ থাকলেও বৃষ্টির জন্য প্রস্তুত থাকাই শ্রেয় (Weather Update)।
