নিউজ পোল ব্যুরো: নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’-র মৃত্যুর পর ভয়াবহ অশান্তিতে উত্তাল মেক্সিকো (Mexico)। পশ্চিম মেক্সিকো জুড়ে মাদক চক্রের সদস্যরা রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ শুরু করেছে বলে খবর। ইতিমধ্যেই মেক্সিকোর (Mexico) বিশেষ বাহিনীর অন্তত ২৫ জন সেনা নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তপ্ত এলাকাগুলিতে মোট ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Mukul Roy Death: মুকুল রায়ের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মোড়গুলি এক নজরে
রবিবার সেনা অভিযানে মৃত্যু হয় কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর। মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। এল মেনচোর মৃত্যুর খবর সামনে আসতেই আনন্দ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে এই ঘটনার জেরে আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকো (Mexico) কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে মাদক পাচারকারীরা। বাসে আগুন দেওয়া, দোকানপাট ভাঙচুর করে আতঙ্ক ছড়ানো হচ্ছে বিভিন্ন এলাকায়। এর ফলে মেক্সিকোর আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে হিংসা দ্রুত ছড়িয়ে পড়ছে। গত দু’দিনেই ওই এলাকায় ১১ হাজার সেনা পাঠানো হয়েছে। ন্যাশনাল গার্ডের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে মাদক কারবারিরা। এই সংঘর্ষে ২৫ জন ন্যাশনাল গার্ডের সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর, পাশাপাশি নিহত হয়েছেন অন্তত ৩০ জন বিক্ষোভকারী।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মেক্সিকোতে কর্মরত তাদের সমস্ত কর্মীকে দ্রুত আমেরিকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে একটি মার্কিন সংস্থা। মেক্সিকো থেকে আমেরিকা প্রতিটি বিমানের টিকিট আগাম কেটে রেখে কর্মীদের নিরাপদে ফেরানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মেক্সিকোয় থাকা ভারতীয় নাগরিকদের জন্যও সতর্কতা জারি করেছে ভারতীয় দূতাবাস। বিশেষ করে জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো এবং নুয়েভো লিওন রাজ্যের বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, এই সংকটকালে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
