নিউজ পোল ব্যুরো: ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ। রোগীকে নিয়ে রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ভেঙে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance Crash)। ঝাড়খণ্ডের (Jharkhand) চাতরা জেলায় গভীর জঙ্গলে এই দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুল্যান্সের দুই ক্যাপ্টেন-সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তৃণমূল।
রেডবার্ড এয়ারওয়েস প্রাইভেট লিমিটেড (Redbird Airways Private Limited) পরিচালিত এয়ার অ্যাম্বুল্যান্সটি (Air Ambulance Crash) বুধবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। রাত ১০টার মধ্যে দিল্লিতে অবতরণের কথা ছিল। কিন্তু উড়ানের প্রায় ২০ মিনিট পরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, চাতরা জেলার সীমারিয়ার কাছে গভীর অরণ্যে বিমানটি ভেঙে পড়েছে।
বিমানে ছিলেন দুই ক্যাপ্টেন, এক রোগী, এক চিকিৎসক-সহ মোট সাতজন। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সবরাজদীপ সিং, সঞ্জয় কুমার, চিকিৎসক বিকাশ কুমার গুপ্তা, সচিন কুমার মিশ্র, অর্চনা দেবী এবং ধুরু কুমার।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হচ্ছিল। আচমকা বিকট শব্দ শুনে তাঁরা বুঝতে পারেন বিমানটি (Air Ambulance Crash) ভেঙে পড়েছে। কী কারণে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল এবং ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রাঁচি বিমানবন্দরের ডিরেক্টর বিনোদ কুমার জানান, খারাপ আবহাওয়ার প্রভাবেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে তদন্ত শেষ না হলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
এদিকে রাঁচির দেবকমল হাসপাতালের সিইও অনন্ত সিনহা জানিয়েছেন, লাতেহারের বাসিন্দা ৪১ বছর বয়সি সঞ্জয় কুমার গত ১৬ ফেব্রুয়ারি থেকে তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই কারণেই এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলটি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
