নিউজ পোল ব্যুরো: ঘোষণা হয়ে গেল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি। ১৫ জানুয়ারি শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ভারত-পাক নিয়ে সিদ্ধান্ত নিল আইসিসি। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত (India) ও পাকিস্তান (Pakistan) একই গ্রুপে নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আগামী বছর অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপকে (U19 Men’s Cricket World Cup 2026) ঘিরে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:Shubhman Gill Injury: বুধবার দলের সঙ্গেই গুয়াহাটি গেলেন শুভমান গিল
২০২৪ সালে শেষ বার অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নামিবিয়া ও জিম্বাবোয়েতে আয়োজিত হবে এই বিশ্বকাপ। ফরম্যাটটা একই আছে। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। মোট ১৬টি দল অংশ নেবে, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতকে রাখা হয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানকে রাখা হয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে রয়েছে আয়োজক জিম্বাবোয়ে (Zimbabwe), ইংল্যান্ড (England) এবং স্কটল্যান্ড (Scotland)। ২৩ দিনে ৪১টি ম্যাচ হবে।
ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও, গত দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই পরিস্থিতি ছিল। তবে সুপার-সিক্স পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যে কোনও পর্যায়ে দুই দল মুখোমুখি হতে পারে।

ইদানীং কালে দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখে ক্রীড়াসূচি তৈরি করা হচ্ছে। আইসিসি-ও জানে দুই প্রতিবেশী দেশকে ক্রিকেট মাঠে লড়িয়ে দিলে তাদের কোষাগার ভরবে। কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়নি।
সম্প্রতি সীমান্তে সংঘর্ষের কারণে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই বারবার ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ করার দাবি উঠছিল। যদিও মহিলা বিশ্বকাপ ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলকে একই গ্রুপে রাখা হয়েছিল। কিন্তু অনূর্ধ্ব-১৯ স্তরে এবার আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
প্রথম দিনই ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেদিন রয়েছে আরও দুটি ম্যাচ। জিম্বাবোয়ের সামনে স্কটল্যান্ড। অন্য ম্যাচে তানজানিয়া মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপ পর্বের পরে রয়েছে সুপার সিক্স। তার পরে সেমিফাইনাল ও ফাইনাল। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।
