Yash Dayal: আর‌ও একটি ধর্ষণের অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে! এবার অভিযোগ নাবালিকা ধর্ষণের

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ফের বিপাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) পেসার যশ দয়াল (Yash Dayal)। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের তরুণীর পর এ বার জয়পুরের এক কিশোরীর অভিযোগে পক্‌সো আইনের আওতায় মামলা রুজু হল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, ক্রিকেটার হিসেবে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত দু’বছর ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন যশ। জয়পুরের সাঙ্গান থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন: England vs India: ইংরেজদের ঘৃণ্য প্রচেষ্টায় জল ঢেলে ম্যাঞ্চেস্টারে ‘সুন্দর’ সমাপ্তি

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, দু’বছর আগে আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে এসেছিলেন যশ দয়াল (Yash Dayal)।তখন‌ই আলাপ হয় তাঁর সঙ্গে। সেখানেই ক্রিকেটের পরামর্শ দেওয়ার অজুহাতে তাঁকে হোটেলে ডাকেন। সে সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। সেখানেই প্রথমবার ধর্ষণ করেন যশ। পরবর্তী সময়ে একাধিকবার এবং সাম্প্রতিক সময়ে এপ্রিল মাসে আইপিএল চলাকালীন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে ম্যাচ খেলতে গিয়ে সহবাসের অভিযোগ করেছেন ওই তরুণী। নাবালিকা থাকাকালীন প্রথম ঘটনাটি ঘটে বলে পক্‌সো আইনে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

এর আগে গাজিয়াবাদের এক তরুণীও যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছরেরও বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক করেছিলেন যশ। সেই তরুণী অনলাইনে অভিযোগ জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরে। মুখ্যমন্ত্রীর দফতর ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=DM-4CObPmF8_gXds

যশ দয়ালের ক্রিকেটজীবন এই মুহূর্তে বিতর্কে জর্জরিত। ২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংহের কাছে এক ওভারে টানা পাঁচ ছক্কা খাওয়ার পর প্রচারে আসেন তিনি। যদিও পরে আইপিএল ২০২৪ নিলামে তাঁকে কিনেছিল আরসিবি। বিরাট কোহলিদের হয়ে গত মরশুমে তেমন খারাপ পারফরম্যান্স‌ও করেননি তিনি। কিন্তু একের পর এক ধর্ষণের অভিযোগ তাঁর কেরিয়ারে বড় ধাক্কা এনে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।