Suvendu Adhikari: “নির্বাচন সামনে, ঠিকাদারদের কাজ বন্ধের পরামর্শ শুভেন্দুর রাজনৈতিক মহলে উত্তেজনা”

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এই সময়েই রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে নতুন বিতর্ক শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, দেখিয়ে সরকার এখন যেভাবে টেন্ডার ডেকে কাজ শুরু করাতে চাইছে, তাতে ঠিকাদাররা প্রকৃত অর্থে কোনও পারিশ্রমিক পাবেন না। তার দাবি, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে ৯,১১৪টি প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া চলছে এবং আগামী ২১ দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার বেরোবে। যদিও বাজেটে এই সব প্রকল্পের জন্য কোনও বরাদ্দ নেই। শুভেন্দুর অভিযোগ, ‘‘ভোটের আগে জোর করে কাজ করাতে চাইছে সরকার। ঠিকাদারদের বলছি—এখন কাজ নেবেন না, টাকা পাবেন না।’’

আরও পড়ুন: BLO: ভোটার তালিকা সংশোধনে জোর, বিএলওদের কাজ নিয়ে কঠোর মনোভাব কমিশনের

শুভেন্দুর মতে, উন্নয়ন থেমে নেই—বরং সরকারের প্রকৃত উদ্দেশ্য ঢাকতে টেন্ডারের নামে (Cut Money) এবং আর্থিক অনিয়ম বাড়ছে। সাংবাদিক সম্মেলনে তিনি কয়েকজন ব্রোকারের ছবিও প্রকাশ করেন। একই সঙ্গে তোলেন আরও বড় হুঁশিয়ারি‘‘ফেব্রুয়ারির মধ্যে SIR প্রক্রিয়া (SIR Process) স্বচ্ছভাবে না হলে সংবিধান অনুযায়ী পদক্ষেপ হবেই।’’ তার কথায় স্পষ্ট—রাজ্যে (President’s Rule) জারি হওয়ার সম্ভাবনার দিকেই ইঙ্গিত। যদিও তাঁর বক্তব্য, ‘‘আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, চাই (Free and Fair Election)।’’

এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘উন্নয়ন মানুষের জন্য। ভোট কাছাকাছি বলে কাজ বন্ধ থাকবে কেন?’’ তার বক্তব্য, বিরোধীদের কাজ হল দিল্লিতে গিয়ে ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে দেওয়া। রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি প্রসঙ্গে কুণালের মন্তব্য, ‘‘যতবার এমন কথা বলেন, বোঝা যায় ভয় পেয়েছেন। ভোট হলে আড়াইশোর বেশি আসন আমাদেরই হবে।’’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আরও সরস মন্তব্য করে বলেন, ‘‘যদি ঠিকাদারদের দিয়ে কাজ করানো ভুল হয়, তবে সাংসদ থাকার সময় শুভেন্দু কীভাবে কাজ করাতেন?’’অন্যদিকে, শুভেন্দুর নতুন দাবি—এসআইআরের ফলে রাজ্যের ভোটার তালিকা থেকে নাকি বাদ যেতে পারে প্রায় ১ কোটি ১৫ লক্ষ নাম। সরকার তাই পুলিশকে ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আগামী ৭ ডিসেম্বর পুলিশের বদলি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ হতে পারে। বুধবার সন্ধ্যায় দাসনগরে বিজেপির ‘একতা যাত্রা’য় অংশ নিয়ে বিরোধী দলনেতা ফের জানান “পরিবর্তন আসবেই, রাজ্যের পুনর্নির্মাণের দায় নেবে বিজেপিই।”