Imran Khan: ইমরান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড! নতুন মামলায় ফের বড় ধাক্কা প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর স্ত্রী বুশরা বিবির আইনি জটিলতা আরও বেড়েছে। নতুন এক দুর্নীতি মামলায় পাক আদালত তাঁদের দু’জনকেই ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এর ফলে ইমরান খানের (Imran Khan) জেলমুক্তির সম্ভাবনা কার্যত আরও অনিশ্চিত হয়ে পড়ল। শাহবাজ শরিফের (Shahbaz Sharif) নেতৃত্বাধীন বর্তমান সরকার ইমরান খানকে (Imran Khan) মুক্তি পাওয়া থেকে আটকাতে ধারাবাহিকভাবে আইনি পদক্ষেপ নিচ্ছে বলেই রাজনৈতিক মহলের একাংশের দাবি।

আরও পড়ুন: PM Modi: ঘন কুয়াশায় মাঝপথেই বিপত্তি! তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার, ফিরল কলকাতায়

এই সাম্প্রতিক মামলাটি ২০২১ সালের একটি ঘটনার সঙ্গে যুক্ত। অভিযোগ, সেই সময় সৌদি আরব সরকারের তরফে প্রাপ্ত সরকারি উপহার ব্যক্তিগতভাবে ব্যবহার করে দুর্নীতিতে জড়িয়েছিলেন ইমরান খান ও তাঁর স্ত্রী। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারায় তাঁদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ধারায় আরও ৭ বছরের সাজা যোগ হওয়ায় মোট সাজা দাঁড়িয়েছে ১৭ বছর। শুধু তাই নয়, আদালত ইমরান খান ও বুশরা বিবি দু’জনকেই আলাদা করে ১ কোটি টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে। অর্থাৎ মোট জরিমানার অঙ্ক দাঁড়াচ্ছে ২ কোটি টাকা।

উল্লেখযোগ্য বিষয় হল, এই মামলার রায় এমন এক সময়ে এল, যখন ইমরান খান ইতিমধ্যেই একাধিক মামলায় কারাবন্দি। ২০২৩ সাল থেকে তিনি জেলে রয়েছেন। ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় তাঁকে আগেই ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবি পেয়েছেন ৭ বছরের সাজা। এছাড়াও, ২০২৩ সালে পাকিস্তান জুড়ে ব্যাপক অশান্তি ও বিদ্রোহের ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলছে।

এদিকে, ইমরানের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও চাপ বাড়ছে। আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইমরান খানের বোনের বিরুদ্ধেও নতুন মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে তিনি সমর্থকদের নিয়ে জেলের বাইরে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাজ সরকার সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বোন ও কয়েকজন সমর্থকের বিরুদ্ধে বুধবার মামলা রুজু করেছে।

সব মিলিয়ে, একের পর এক মামলায় ইমরান খান ও তাঁর পরিবারের উপর আইনি চাপ ক্রমশই বাড়ছে। নতুন এই ১৭ বছরের সাজা পাকিস্তানের রাজনীতিতে আরও উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole