নিউজপোল ব্যুরো: আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে সাফল্য অর্জনের আশা নিয়ে জাপানে পাড়ি দিয়েছিলেন মহম্মদ শামস আলম শেখ। কিন্তু এশিয়ান প্যারা গেমসের আসর থেকে পদক নিয়ে ফেরার বদলে তাঁকে দেশে ফিরতে হল বিতর্কের আবহে। নাগোয়ার একটি হোটেলে মহিলা কর্মীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে ভারতীয় এই প্যারা সাঁতারুর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ভারতীয় দলের পাশাপাশি ক্রীড়া প্রশাসনেও তৈরি হয়েছে অস্বস্তি।
জানা গিয়েছে, গত সোমবার হোটেলে দায়িত্ব পালন করার সময় এক মহিলা কর্মীর সঙ্গে শামসের আচরণ নিয়ে অভিযোগ সামনে আসে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে স্থানীয় আয়োজক কর্তৃপক্ষ ও গেমসের আধিকারিকরা। এরপর জাপানের পুলিশ তাঁকে আটক করে বলে খবর। পরের দিনই তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বাকি সুযোগও হারান তিনি।
ঘটনার পর শামসের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে নজর রয়েছে ক্রীড়ামহলের। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, গেমস শেষ হলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তি, এমনকি আজীবন নির্বাসনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাকার্তা এশিয়ান প্যারা গেমসে দুটি সোনা জিতেছিলেন শামস। অতীতে আন্তর্জাতিক স্তরে সাফল্য পেলেও, সাম্প্রতিক এই অভিযোগ তাঁর ক্রীড়াজীবনকে নতুন অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়েছে।
