কলকাতা বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার! দুই যাত্রীর কাছ থেকে মিলল ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার, কোথা থেকে এল এত বিপুল বিদেশি মুদ্রা?

অপরাধ আইন কলকাতা

নিউজপোল ব্যুরো: পুজোর মরশুমে কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ব্যাঙ্ককগামী বিমানের এক পুরুষ ও এক মহিলা যাত্রীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে উদ্ধার হল মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা বলে পুলিশ সূত্রে খবর। ১৯ অক্টোবর, অষ্টমীর সকালে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে এই ঘটনা ঘটে। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ভুটান এয়ারলাইন্সের B3700 বিমানের যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা CISF-এর জওয়ানরা। বিমানটি ব্যাঙ্ককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সেই সময় এক পুরুষ ও এক মহিলা যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এরপর তাঁদের ব্যাগ খুলে তল্লাশি শুরু করেন জওয়ানরা। তল্লাশির সময় ব্যাগের ভিতরে থাকা একটি গোপন অংশ থেকে খবরের কাগজে মোড়া মার্কিন ডলারের বান্ডিল উদ্ধার হয় বলে জানা গিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুরুষ যাত্রীর ব্যাগ থেকে ৭৪ হাজার ৯০০ মার্কিন ডলার পাওয়া গিয়েছে। অন্যদিকে, মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৪৫ হাজার ডলার। সব মিলিয়ে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ ডলার। এই বিপুল পরিমাণ অর্থ কী কারণে এবং কোথা থেকে তাঁদের কাছে এল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পর দু’জনকে আটক করা হয়েছে বলে খবর। বিদেশি মুদ্রা বহনের সঙ্গে কোনও বেআইনি লেনদেন বা অন্য কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তদন্তের চূড়ান্ত ফল জানা যায়নি।