নিউজ পোল ব্যুরো:মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha job selling scam) কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য। জেলে বসেই তিনি চাকরি বিক্রির দালালি চালাচ্ছেন—এমনই গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জেলবন্দি অবস্থাতেও জীবনকৃষ্ণ সাহা অবাধে মোবাইল ফোন ব্যবহার করছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়াতেও প্রভাব খাটাচ্ছেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/16/inder-singh-parmar-apology-raja-rammohan-roy-controversy/
রবিবার, ১৬ নভেম্বর, একটি সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তথ্য তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, তাঁর মোবাইলে থাকা একাধিক ছবি, ভিডিও ও অডিও ক্লিপের সূত্রেই উঠে এসেছে জীবনকৃষ্ণের ‘কারবারি’র তথ্য। বৈঠকে সাংবাদিকদের তিনি সেই অডিও শোনান। বিরোধী দলনেতার দাবি, অডিওটি ১৬ নভেম্বরের—এতে শোনা যায় একজন পুরুষকণ্ঠ অর্থ লেনদেন নিয়ে কথা বলছেন। শুভেন্দুর অভিযোগ, ওই কণ্ঠ জীবনকৃষ্ণ সাহার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অডিওতে শোনা যায়, পুরুষকণ্ঠ বলছেন—“এই মুহূর্তে ৫০ টাকা আগে পাঠাতে হবে…”, কথোপকথনে পরে নারীকণ্ঠের তরফে বলা হয়—“১৫ লক্ষ ৫০ হাজার আপনাকে দেওয়া হল।” এরপর আরও একটি অডিয়ো প্রকাশ করেন শুভেন্দু, যেখানে নারীকণ্ঠের প্রশ্ন ও জেল থেকে বেরনোর চেষ্টার কথোপকথন শোনা যায়।
এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করে শুভেন্দুর বক্তব্য—“জেলে গেলে কিছুই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। পার্থ-জীবনের মতোদের ইডি পাঁচ দিন পিসিতে রাখছে, তারপর জেলে পাঠাচ্ছে। সেখানে পাঁচতারা ব্যবস্থা—গরমে এসি, শীতে গরম জল। আবার লেভেল হাই হলে পিজির উডবার্ন ওয়ার্ডও আছে।”
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha job selling scam) নাম বহুবার উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তিনি একবার গ্রেফতারের পর জামিনে মুক্তি পেলেও পরে ফের ইডির হাতে ধরা পড়েন। পরপর দু’বার গ্রেফতার হওয়ায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও জোরালো হয়েছে।
তবে অডিও এবং অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে যাচাই হয়নি। তদন্তকারী সংস্থার তরফে এই বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।
