Dilip Ghosh: মোদীর মঞ্চে কি দিলীপ? বিরোধী শিবিরের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক চর্চা, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: অমিত শাহের (Amit Shah) সাম্প্রতিক বার্তার পর থেকেই বঙ্গ বিজেপির (Bengal BJP) অন্দরে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘদিন ধরে দলের কর্মসূচি ও শীর্ষ মঞ্চ থেকে কিছুটা দূরে থাকা এই নেতা আবারও কি কেন্দ্রীয় রাজনীতির আলোয় ফিরতে চলেছেন তা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বিশেষ করে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাংলা সফরকে ঘিরে প্রশ্ন উঠেছে, এবার কি মোদির মঞ্চে দেখা যাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে?

আরও পড়ুন: Kolkata Fire Incident : উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, ১০টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে

দলের ‘আদি’ শিবিরের একাংশের দাবি, শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে একই মঞ্চে দিলীপ ঘোষকেও (Dilip Ghosh) রাখা হোক। তাঁদের মতে, বঙ্গ বিজেপিকে সংগঠিত করার ক্ষেত্রে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ভূমিকা অনস্বীকার্য। রাজ্যে বিজেপির বিস্তারে যাঁর অবদান সবচেয়ে বেশি, তাঁকে বারবার উপেক্ষা করা হলে কর্মী ও সমর্থকদের মধ্যে ভুল বার্তা যেতে পারে। দিলীপ অনুগামীদেরও জোরালো দাবি, দলের সফলতম রাজ্য সভাপতিকে প্রধানমন্ত্রীর সভার মঞ্চে জায়গা দেওয়া হোক।

তবে দলের নব্য শিবিরের একাংশ এই বিষয়ে খুব একটা উৎসাহী নয়। তাঁদের মতে, পুরনো নেতৃত্বকে সামনে আনা হলে অভ্যন্তরীণ সমীকরণে জটিলতা বাড়তে পারে। তা সত্ত্বেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে দিলীপ ঘোষকে পুরোপুরি কাজে লাগানোর পক্ষে কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, অমিত শাহ নিজেই দিলীপ ঘোষকে সক্রিয় রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন। শুধু শাহ নন, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও সুনীল বনশলও চাইছেন, শুভেন্দু-শমীক-সুকান্তদের সঙ্গে দিলীপ ঘোষকে একযোগে কাজে লাগানো হোক।

এই পরিস্থিতিতে সব নজর এখন বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সিদ্ধান্তের দিকে। তিনিই শেষ পর্যন্ত ঠিক করবেন, মোদির মঞ্চে কারা থাকবেন। তবে দলের অন্দরের খবর বলছে, দিলীপ বিরোধী শিবিরের আপত্তি থাকলেও এবার প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষের উপস্থিতির সম্ভাবনাই বেশি। কারণ, দলের আদি-নব্য কোন্দল সামাল দিতে এবং পুরনো নেতাদের মনোবল বাড়াতে দিলীপকে সামনে আনার কৌশল নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

উল্লেখযোগ্য বিষয় হল, গত কিছুদিন ধরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, যা তাঁর অনুগামীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। সেই ক্ষোভ প্রশমিত করতেই এবার মোদির মঞ্চে তাঁকে রাখার ভাবনাচিন্তা চলছে বলে খবর। আগামী ১৭ জানুয়ারি মালদহে এবং ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে ‘পরিবর্তন সংকল্প সভা’-য় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুই সভার মঞ্চেই দিলীপ ঘোষকে দেখা যাবে কি না, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole